> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ আইন, ২০১২

> 1 [পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ] প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ৮ মার্চ, ২০১২

**Act No:** ২০১২ সনের ১৪ নং আইন

যেহেতু জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশ্যে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন <sup><a id="fnref-2" href="#fn-2">2</a></sup> \[পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ] আইন, ২০১২ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে—

(১) ‘‘একাডেমি’’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত <sup><a id="fnref-3" href="#fn-3">3</a></sup> \[পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ];

(২) ‘‘চেয়ারম্যান ’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;

(৩) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(৫) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড;

(৬) ‘‘ভাইস-চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান;

(৭) ‘‘মহাপরিচালক’’ অর্থ একাডেমির মহাপরিচালক;

(৮) ‘‘সদস্য’’ অর্থ বোর্ডের সদস্য।

### একাডেমি প্রতিষ্ঠা

৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে, <sup><a id="fnref-4" href="#fn-4">4</a></sup> \[পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ (Rural Development Academy, Gopalganj)]  নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত হইবে।

(২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, যাহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীল মোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

### প্রধান কার্যালয়

৪। একাডেমির প্রধান কার্যালয় হইবে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় এবং, প্রয়োজনে, সরকার দেশের যে কোন স্থানে ইহার শাখা স্থাপন করিতে পারিবে।

### গবেষণা এলাকা

৫। একাডেমির গবেষণা এলাকা হইবে সমগ্র বাংলাদেশ।

### সাধারণ পরিচালনা ও প্রশাসন

৬। একাডেমির সাধারণ পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং একাডেমি যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।

### বোর্ড

৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথাঃ—

(ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপ-মন্ত্রী, যিনি পদাধিকারবলে ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যিনি পদাধিকারবলে ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;

(গ) সচিব, কৃষি মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঙ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(চ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ছ) সচিব, পরিকল্পনা বিভাগ বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-প্রধান পদমর্যাদার একজন কর্মকর্তা;

(জ) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঝ) সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঞ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ট) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঠ) রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা তৎকর্তৃক মনোনীত একজন সদস্য পরিচালন পর্ষদ;

(ড) উপাচার্য, <sup><a id="fnref-5" href="#fn-5">5</a></sup> \[গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] বা তৎকর্তৃক মনোনীত যে কোন অনুষদের ডীন বা অধ্যাপক;

(ঢ) নিবন্ধক, সমবায় অধিদপ্তর;

(ণ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড;

(ত) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল;

(থ) মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ;

(দ) মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর;

(ধ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কাজে অবদান রহিয়াছে সরকার কর্তৃক মনোনীত এমন দুইজন ব্যক্তি; এবং

(ন) মহাপরিচালক, যিনি পদাধিকারবলে ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপ-ধারা (১) এর দফা (ধ) এর অধীন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন;

তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় তাহার সদস্য পদ বাতিল করিতে পারিবে।

(৩) চেয়ারম্যানের উদ্দেশ্যে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে মনোনীত কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেনঃ

তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত কোন পদত্যাগ কার্যকর হইবে না।

### বোর্ডের সভা

৮। —(১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে।

(২) প্রতি চার মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে।

(৩) বোর্ডের সকল সভা চেয়ারম্যান-এর সভাপতিত্বে এবং তাহার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হইবে।

(৪) বোর্ডের সভার কোরাম গঠনের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে।

(৫) বোর্ডের সভায় উপস্থাপিত সকল বিষয় উপস্থিত সদস্যগণের প্রদত্ত ভোটের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে নিষ্পত্তি হইবে।

(৬) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে, সভায় সভাপতিত্বকারী ব্যক্তির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।

(৭) কেবল বোর্ডের কোন সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে অসংগতির কারণে বোর্ডের কোন কার্য বা সিদ্ধান্ত অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

### একাডেমির কার্যাবলী

৯। একাডেমির কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ—

(ক) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গবেষণার জন্য Centre of Excellence হিসাবে কাজ করা এবং দারিদ্র্য বিমোচনে সরকারের অন্যতম ফোকাল পয়েন্ট হিসাবে কাজ করা;

(খ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের জাতীয় পর্যায়ে একটি প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম পরিচালনা করা;

(গ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, কর্মশালা, সেমিনার, ইত্যাদি পরিচালনা করা;

(ঘ) ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, বিত্তহীন পুরুষ ও মহিলা, বেকার যুবক ও যুব মহিলাদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কৃষি ও অকৃষি খাতের বিভিন্ন উপার্জনমূলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ পরিচালনা করা;

(ঙ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি, শিক্ষা, উপকূলীয় ও জোয়ারভাটা এলাকার আর্থ-সামাজিক বিষয়ে প্রায়োগিক গবেষণা পরিচালনা করা;

(চ) সরকারি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে উহাদের চাহিদার বিপরীতে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা প্রদান করা;

(ছ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উচ্চতর শিক্ষায় নিয়োজিত দেশী ও বিদেশী শিক্ষার্থীদের গবেষণা কার্য পরিচালনা ও তত্ত্বাবধান করা বা গবেষণা কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা;

(জ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনা করা;

(ঝ) দারিদ্র্য বিমোচনে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার সাথে যৌথভাবে কাজ করা;

(ঞ) কৃষি কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন বিষয়ক গবেষণা ও কৃষি শিশু শ্রমিকদের শিক্ষার মূলধারায় আনয়নের লক্ষ্যে গবেষণা করা;

(ট) গ্রামীণ দরিদ্র নারীদের সামাজিক নিরাপত্তা, নারীর সার্বিক ক্ষমতায়নের জন্য গবেষণা করা;

(ঠ) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন নীতিমালা প্রণয়নে সরকারি নীতি নির্ধারকগণকে সহায়তা প্রদান করা;

(ড) একাডেমির উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য কোন কাজ।

### নির্দেশনা প্রদানে সরকারের সাধারণ ক্ষমতা

১০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সময় সময়, বোর্ডকে, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের প্রয়োজনে, তদবিবেচনায় যেরূপ উপযুক্ত মনে করিবে, সেইরূপ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং বোর্ড উক্তরূপ সকল নির্দেশনা পালন করিবে।

### চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা

১১। একাডেমির স্বার্থে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিলে, চেয়ারম্যান অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন এবং বোর্ডকে তাহার অনুরূপ পদক্ষেপ সম্পর্কে অবহিত করিবেন।

### মহাপরিচালক এবং তাহার দায়িত্ব ও কর্তব্য

১২। (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকারের যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্দিষ্ট শর্তে নিযুক্ত হইবেন।

(২) মহাপরিচালক একাডেমির একজন সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করিবেন।

(৩) মহাপরিচালকের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথাঃ—

(ক) একাডেমির বাজেট প্রস্ত্তত করিয়া উহা অনুমোদনের জন্য বোর্ডের সভায় উপস্থাপন;

(খ) একাডেমির হিসাব সংরক্ষণ, বার্ষিক বিবরণী প্রণয়ন এবং হিসাব নিরীক্ষার ব্যবস্থা;

(গ) একাডেমির অর্থ ও সম্পত্তি সংরক্ষণ, হেফাজত, নিয়ন্ত্রণ ও পরিচালনাসহ দলিল ও কাগজপত্র সংরক্ষণ ও হেফাজত;

(ঘ) একাডেমির প্রশাসনিক কাজ তদারকি করা;

(ঙ) বোর্ড বা সরকার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

(৪) মহাপরিচালক বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন।

(৫) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, সরকার মহাপরিচালকের দায়িত্ব পালনের লক্ষ্যে তদবিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।

### কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

১৩। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে, একাডেমি উহার কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

(২) একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

### ক্ষমতা অর্পণ

১৪। বোর্ড উহার যে কোন ক্ষমতা বা দায়িত্ব, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, চেয়ারম্যান, সদস্য, মহাপরিচালক বা একাডেমির কোন কর্মকর্তাকে অর্পণ করিতে পারিবে।

### তহবিল

১৫। (১) একাডেমির একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে—

(ক) সকরার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা এবং অন্যান্য অনুদান;

(খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ;

(গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;

(ঘ) একাডেমির উৎপাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ;

(ঙ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বিদেশী সাহায্য ও ঋণ;

(চ) দান ও মঞ্জুরী;

(ছ) একাডেমির নিজস্ব আয় হইতে প্রাপ্ত অর্থ।

(২) বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখিতে হইবে;

তবে শর্ত থাকে যে, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক না থাকিলে সরকারের অনুমোদনক্রমে যে কোন বাণিজ্যিক ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখা যাইবে।

(৩) একাডেমির তহবিল হইতে একাডেমির প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে।

(৪) সরকার কর্তৃক অনুমোদিত কোন খাতে একাডেমির তহবিল বিনিয়োগ করা যাইবে।

### বাজেট

১৬। একাডেমি, সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, প্রতি অর্থ বৎসরের সম্ভাব্য আয় ও ব্যয় এবং উক্ত অর্থ বৎসরে, সরকারের নিকট হইতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহা উল্লেখ করিয়া একটি বাজেট সরকারের অনুমোদনের জন্য পেশ করিবে।

### হিসাব রক্ষণ ও নিরীক্ষা

১৭। (১) সরকার কর্তৃক র্নিধারিত পদ্ধতিতে একাডেমি উহার হিসাব সংরক্ষণ করিবে।

(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতি বৎসর একাডেমির হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও একাডেমির নিকট পেশ করিবেন।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও The [Bangladesh Chartered Accountants Order, 1973](/laws/act-442 "Act 442") (P. O. No. 2 of 1973) এর Article 2(1)(b) তে সংজ্ঞায়িত চার্টার্ড একাউন্টেন্ট দ্বারা একাডেমির হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে একাডেমি বা একাধিক চার্টার্ড একাউন্টেন্ট নিয়োগ করিতে পারিবে।

(৪) একাডেমি নিরীক্ষা প্রতিবেদনে চিহ্নিত ত্রুটি বা অনিয়মসমূহ সংশোধনে অনতিবিলম্বে পদক্ষেপ গ্রহণ করিবে।

### প্রতিবেদন

১৮। (১) প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে একাডেমি পূর্ববর্তী অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে।

(২) সরকার প্রয়োজনমত একাডেমির নিকট হইতে যে কোন সময় একাডেমির যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবে এবং একাডেমী উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

### বিধি প্রণয়নের ক্ষমতা

১৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

### প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একাডেমি, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।

### বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স-এর বিলোপ, ইত্যাদি

২১। (১) একাডেমি প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স, কোটালিপাড়া, গোপালগঞ্জ, অতঃপর বিলুপ্ত কমপ্লেক্স বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।

(২) বিলুপ্ত কমপ্লেক্স-এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ঋণ, দায় ও দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংক স্থিতি, সংরক্ষিত সঞ্চিত তহবিল বিনিয়োগ এবং অন্য সকল অধিকার এবং এইরূপ সম্পত্তিতে অথবা উহা হইতে উদ্ভূত অন্যান্য সকল স্বার্থ ও অধিকার এবং সকল বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য সকল দলিল-দস্তাবেজ একাডেমির নিকট হস্তান্তরিত হইবে এবং ন্যস্ত থাকিবে।

(৩) একাডেমি প্রতিষ্ঠিত হইবার পূর্বে বিলুপ্ত কমপ্লেক্স কর্তৃক বা উহার পক্ষে সরকার কর্তৃক কৃত কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন আদেশ ও নিয়োগ, জারীকৃত বিজ্ঞপ্তি অথবা কৃত, গৃহীত, প্রদত্ত বা জারীকৃত বলিয়া বিবেচিত কোন কার্য, ব্যবস্থা, আদেশ, নিয়োগ বা বিজ্ঞপ্তি, বৈধভাবে কৃত, গৃহীত, প্রদত্ত বা জারীকৃত বলিয়া গণ্য হইবে এবং সর্বদা উহা কার্যকর থাকিবে বা কার্যকর বলিয়া বিবেচিত হইবে এবং উহা সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

### ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

২২। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) বাংলা এবং ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<a id="fn-1" />**1.** “পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ” শব্দগুলি ও কমা দীর্ঘ শিরোনামে উল্লিখিত “বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি” শব্দগুলির পরিবর্তে [বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1650 "Act 1650") (২০২৬ সনের ২১ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-2" />**2.** “পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ” শব্দগুলি ও কমা “বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি” শব্দগুলির পরিবর্তে [বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1650 "Act 1650") (২০২৬ সনের ২১ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-3" />**3.** “পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ” শব্দগুলি ও কমা “বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি” শব্দগুলির পরিবর্তে [বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1650 "Act 1650") (২০২৬ সনের ২১ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-4" />**4.** “পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ (Rural Development Academy, Gopalganj)” শব্দগুলি, কমা ও বন্ধনী “বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development BAPARD)” শব্দগুলি ও বন্ধনীর পরিবর্তে [বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1650 "Act 1650") (২০২৬ সনের ২১ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-5" />**5.** “গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি “বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ” শব্দগুলি ও কমার পরিবর্তে পরিবর্তে [বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1650 "Act 1650") (২০২৬ সনের ২১ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1093.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
