> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

> Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৭ নভেম্বর, ২০১৩

**Act No:** ২০১৩ সনের ৬১ নং আইন

যেহেতু Bangladesh Travel Agencies (Registration and Control), Ordinance, 1977 (ordinance No. XLVIII of 1977) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩](/laws/act-1141 "Act 1141") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে—

(১) “ট্রাভেল এজেন্সি” অর্থ ধারা ৫ এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি;

(২) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত;

(৩) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ ধারা ৩ এর অধীন নির্ধারিত কর্তৃপক্ষ;

(৪) “নিবন্ধন সনদ” অর্থ ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (ক) এর অধীন ইস্যুকৃত নিবন্ধন সনদ;

<sup><a id="fnref-1" href="#fn-1">1</a></sup> \[(৫) “পরিবহন” অর্থ নৌপথ, স্থল পথ ও আকাশপথে পরিবহন;]

(৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৭) “ব্যক্তি” অর্থ যে কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম বা অন্য কোন সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে।

### নিবন্ধন কর্তৃপক্ষ

৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিবন্ধন কর্তৃপক্ষ নির্ধারণ করিতে পারিবে।

### নিবন্ধন সনদ ব্যতীত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠার উপর নিষেধাজ্ঞা

৪। ধারা ৫ এর বিধান অনুসারে নিবন্ধন সনদ ব্যতীত কোন ব্যক্তি, কমিশন বা সার্ভিস চার্জের বিনিময়ে, অন্য কোন ব্যক্তির ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে পারিবেন না।

### নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি

৫। (১) কোন ব্যক্তি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করিতে চাহিলে, নিম্নবর্ণিত কাগজপত্রসহ নিবন্ধনের জন্য নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফরমে এবং ফিসহ আবেদন করিতে হইবে, যথাঃ—

(ক) ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;

(খ) ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি;

(গ) ব্যবসায়িক ঠিকানা;

(ঘ) কোম্পানি হইলে, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন, আর্টিকেলস অব এসোসিয়েশন, এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশনের সত্যায়িত অনুলিপি; এবং

(ঙ) ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন ব্যক্তির নিকট হইতে অতিরিক্ত অর্থ গ্রহণ করিবে না বা তাহাকে মিথ্যা প্রলোভন দেখাইবে না বা তাহার সহিত কোন প্রতারণার আশ্রয় গ্রহণ করা হইবে না মর্মে হলফনামা।

(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে—

(ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন সনদ ইস্যু করিবে; অথবা

(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবে।

(৩) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে [Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance, 1977](/laws/act-555 "Act 555") (ordinance No. XLVIII of 1977) এর অধীন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি উহার কার্যক্রম অব্যাহত রাখিতে চাহিলে উক্ত ট্রাভেল এজেন্সিকে এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট নিবন্ধনের জন্য উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী আবেদন করিতে হইবে।

### নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা

৬। কোন ব্যক্তি নিবন্ধন সনদ পাইবার যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি তিনি—

(ক) বাংলাদেশের নাগরিক না হন;

(খ) অপ্রাপ্ত বয়স্ক হন;

(গ) সুস্থ মস্তিষ্কের অধিকারী না হন;

(ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং উক্ত দেউলিয়াত্বের অবসান না হয়; অথবা

(ঙ) রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দণ্ডিত হইয়া থাকেন এবং দণ্ড ভোগের পর ২ (দুই) বৎসর সময় অতিবাহিত না হইয়া থাকে।

### নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন

৭। (১) নিবন্ধন সনদের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ৩ (তিন) বৎসর, এবং উহা নবায়নযোগ্য হইবে।

(২) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন নবায়নের আবেদন করিতে হইবে।

<sup><a id="fnref-2" href="#fn-2">2</a></sup> \[(২ক) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত সময়-সীমার মধ্যে যদি নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন দাখিল করা না হয়, তাহা হইলে সরকার কর্তৃক স্থিরকৃত পরিমাণের জরিমানা প্রদান করিয়া উক্ত সময়-সীমার পরবর্তী ৬(ছয়) মাসের মধ্যে উক্ত আবেদন দাখিল করা যাইবে।]

(৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উহার সঠিকতা সম্পর্কে—

(ক) নিশ্চিত হইলে, আবেদন মঞ্জুর করিতে পারিবে এবং উক্তরূপ আবেদন মঞ্জুরের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে নির্ধারিত ফরমে নিবন্ধন নবায়ন সনদ ইস্যু করিবে; অথবা

(খ) নিশ্চিত না হইলে, আবেদন নামঞ্জুর করিতে পারিবে এবং কারণ লিপিবদ্ধ করিয়া উক্তরূপ নামঞ্জুরের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে অবহিত করিবে।

### নিবন্ধন সনদ হস্তান্তর, ঠিকানা পরিবর্তন, ইত্যাদি

<sup><a id="fnref-3" href="#fn-3">3</a></sup> \[৮।  (১) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ক্ষেত্রে নিবন্ধন সনদ হস্তান্তর করা যাইবে, যথা :-

(ক) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন; বা

(খ) যে ক্ষেত্রে নিবন্ধন সনদধারী ব্যক্তি শারীরিক কারণে ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিচালনা করিতে অক্ষম; বা

(গ) নিবন্ধন কর্তৃপক্ষের নিকট যুক্তিযুক্ত বলিয়া বিবেচিত অন্য যে কোনো ক্ষেত্রে।

(২) নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সি তাহার ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন করিতে পারিবে না।

(৩) কোনো ট্রাভেল এজেন্সি দেশে বা বিদেশে শাখা কার্যালয় স্থাপন করিতে চাহিলে তাহাকে নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নিবন্ধন কর্তৃপক্ষের নিকট হইতে অনুমতি গ্রহণ করিতে হইবে।]

### নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল

৯। (১) নিবন্ধন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোন কারণে উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ প্রদান করিয়া কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথাঃ—

(ক) মিথ্যা তথ্য বা প্রতারণার মাধ্যমে নিবন্ধন সনদ গ্রহণ করিলে;

(খ) এই আইন, বিধি বা নিবন্ধন সনদের কোন শর্ত ভঙ্গ করিলে;

(গ) ট্রাভেল এজেন্সিসমূহের জন্য নির্ধারিত আচরণ বিধির কোন বিধান লংঘন করিলে;

(ঘ) নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন না করিলে;

(ঙ) নিবন্ধন সনদ প্রাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি কোন ফৌজদারি অপরাধে দণ্ডিত হইলে; অথবা

(চ) কোম্পানি, সংস্থা, অংশীদারি কারবার বা আইনগত সত্ত্বার ক্ষেত্রে উহার অবসায়ন হইলে।

(২) উপ-ধারা (১) এর অধীন কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত করা হইলে উক্ত ট্রাভেল এজেন্সি অন্য কোন ব্যক্তির ভ্রমণের সহিত সংশ্লিষ্ট পরিবহন, আবাসন ও অনুরূপ অন্যান্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে কোন কার্যক্রম করিতে পারিবে না।

### নিবন্ধন কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল

১০। ধারা ৫ এর উপ-ধারা (২) এর দফা (খ) এর অধীন কোন নিবন্ধনের আবেদন অথবা ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (খ) এর অধীন কোন নিবন্ধন নবায়নের আবেদন নামঞ্জুর করা হইলে অথবা ধারা ৯ এর অধীন নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হইলে, উক্তরূপ নামঞ্জুর, স্থগিত বা বাতিল আদেশের তারিখ হইতে ৬০ (ষাট) দিনের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে সরকারের নিকট আপিল করা যাইবে এবং এইক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

### অপরাধ ও দণ্ড

<sup><a id="fnref-4" href="#fn-4">4</a></sup> \[১১। (১) কোনো ব্যক্তি এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে, উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(২) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধের অভিযোগ দায়ের, প্রাথমিক তথ্য সরবরাহ, তদন্ত, বিচারিক অনুসন্ধান, সংক্ষিপ্ত বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে [Code of Criminal Procedure, 1898](/laws/act-75 "Act 75") (Act No. V of 1898) এর বিধানাবলি প্রযোজ্য হইবে।

(৩) [Code of Criminal Procedure, 1898](/laws/act-75 "Act 75") (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধের বিপরীতে উল্লিখিত সীমার মধ্যে যে কোনো পরিমাণের অর্থদণ্ড আরোপের ক্ষমতা আদালতের থাকিবে।

(৪) এই ধারার অধীন দণ্ডনীয় অপরাধসমূহ অ-আমলযোগ্য, আপসযোগ্য ও জামিনযোগ্য হইবে।]

### অপরাধের আপসযোগ্যতা (Offences to be compoundable)

<sup><a id="fnref-5" href="#fn-5">5</a></sup> \[১১ক।  (১) [Code of Criminal Procedure, 1898](/laws/act-75 "Act 75") (Act No. V of 1898) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রতিবেদন ব্যতীত কোনো আদালত ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ আমলে গ্রহণ করিতে পারিবে না।

(২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন দাখিলের পূর্বে, নিবন্ধন কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত পদ্ধতিতে জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করিতে পারিবে :

তবে শর্ত থাকে যে, উক্ত জরিমানার পরিমাণ কোনোক্রমেই ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের বিপরীতে উল্লিখিত অর্থদণ্ডের অধিক হইবে না।

(৩) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিবার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিতে হইবে।

(৪) উপ-ধারা (২) এর অধীন জরিমানা আরোপ ও আদায় করিয়া ধারা ১১ এর অধীন দণ্ডনীয় অপরাধের আপসরফা করা হইলে, অভিযুক্ত ব্যক্তি তাহার অপরাধের দায় হইতে অব্যাহতিপ্রাপ্ত হইবেন।]

### কোম্পানি ও প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ সংঘটন

<sup><a id="fnref-6" href="#fn-6">6</a></sup> \[১১খ।  ধারা ১১ এর অধীন দণ্ডনীয় কোনো অপরাধ কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত হইয়া থাকিলে, উক্তরূপ অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে এইরূপ প্রত্যেক মালিক, পরিচালক, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী বা প্রতিনিধি উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে সক্ষম হন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।

ব্যাখ্যা।-এই ধারায়-

(ক) ‘কোম্পানি বা প্রতিষ্ঠান’ বলিতে কোনো সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি বা এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত সংগঠনকে বুঝাইবে; এবং

(খ) ‘পরিচালক’ বলিতে কোনো অংশীদার বা পরিচালনা বোর্ড, যে নামেই অভিহিত হউক, এর সদস্যকে বুঝাইবে।]

### বিধি প্রণয়নের ক্ষমতা

১২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

### ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

১৩। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) ইংরেজি পাঠ এবং মূল বাংলা পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

### রহিতকরণ ও হেফাজত

১৪। [Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance, 1977](/laws/act-555 "Act 555") (ordinance No. XLVIII of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিককরণ সত্ত্বেও উক্ত Ordinance এর অধীন কৃত কোন কার্য বা গৃহীত কোন ব্যবস্থা বা প্রণীত কোন বিধি বা জারীকৃত কোন আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন বা ইস্যুকৃত কোন নিবন্ধন সনদ, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে, এবং এই আইনের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত বা ইস্যুকৃত বলিয়া গণ্য হইবে।

(৩) এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে উক্ত Ordinance এর অধীন কোন মামলা বা কার্যধারা কোন আদালতে বিচারাধীন থাকিলে উহা উক্ত আদালত কর্তৃক এমনভাবে শুনানি ও নিষ্পত্তি হইবে, যেন উক্ত Ordinance রহিত হয় নাই।

***

### Footnotes

<a id="fn-1" />**1.** দফা (৫) [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-2" />**2.** উপ-ধারা (২ক) [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত।

<a id="fn-3" />**3.** ধারা ৮ [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-4" />**4.** ধারা ১১ [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

<a id="fn-5" />**5.** ধারা ১১ক [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।

<a id="fn-6" />**6.** ধারা ১১খ [বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১](/laws/act-1369 "Act 1369") (২০২১ সনের ০৪ নং আইন) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1141.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
