> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩

> ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাতকরণ বাধ্যতামূলককরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৭ নভেম্বর, ২০১৩

**Act No:** ২০১৩ সনের ৬৫ নং আইন

যেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের অনুচ্ছেদ ১৮ মোতাবেক জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য; এবং

যেহেতু জনসাধারণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধের উদ্দেশ্যে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাতকরণ বাধ্যতামূলককরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।(১) এই আইন [ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩](/laws/act-1143 "Act 1143") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-

(১) ‘‘এ্যাক্রেডিটেশন সনদ’’ অর্থ [বাংলাদেশ এ্যাক্রেডিটেশন আইন, ২০০৬](/laws/act-945 "Act 945") (২০০৬ সনের ২৯ নং আইন) এর অধীন প্রদত্ত এ্যাক্রেডিটেশন সনদ;

(২) ‘‘তফসিল’’ অর্থ এই আইনের তফসিল;

(৩) ‘‘ব্যক্তি’’ অর্থ কোনো কোম্পানী, সংস্থা, প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সমিতি, সংঘ, সংগঠনও, নিবন্ধিত হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে;

(৪) ‘‘বিএসটিআই’’ অর্থ The [Bangladesh Standards and Testing Institution Ordinance, 1985](/laws/act-689 "Act 689") (Ordinance No. XXXVII of 1985) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Standards and Testing Institution;

(৫) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৬) ‘‘ভোজ্যতেল’’ অর্থ মানুষের আহার্য পরিশোধিত (Refined) বা অপরিশোধিত (Crude) কোনো উদ্ভিজ তেল (vegetable oil), যেমন সয়াবিন তেল (soyabean oil), পাম তেল (palm oil), পাম অলীন (palm olein), ইত্যাদি কিংবা আন্তর্জাতিকভাবে ভোজ্যতেল হিসাবে স্বীকৃত অন্য কোনো উদ্ভিজ তেল, তবে সরিষার তেল, নারিকেল তেল কিংবা অলিভ অয়েল, ইত্যাদি উহার অন্তর্ভুক্ত হইবে না;

(৭) ‘‘ভিটামিন ‘এ’ ’’ অর্থ রেটিনল পামিটেট্ (retinol palmitate) অথবা রেটিনল এ্যাসিটেট্ (retinol acetate) নামক অনুপুষ্টি;

(৮) ‘‘সমৃদ্ধকরণ (fortification)’’ অর্থ ভোজ্যতেলের সহিত মিশ্রণের (premix) মাধ্যমে অণুপুষ্টি (micronutrient) হিসাবে তফসিলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযুক্তকরণ (addition);

(৯) ‘‘হোটেল’’ অর্থ অন্যূন ১০ (দশ) শয়নকক্ষ বিশিষ্ট এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যাহা মুনাফা লাভের উদ্দেশ্যে মালিক কর্তৃক পরিচালনা করা হইয়া থাকে এবং অর্থের বিনিময়ে অতিথি বা পর্যটকবৃন্দ অবস্থান ও সেবা লাভ করেন, এবং ‘‘হোটেল’’ হিসাবে হোটেল, মোটেল, গেষ্ট হাইজ, রেষ্ট হাউজ, রিসোর্ট ইত্যাদি যে নামেই পরিচিত হউক না কেন, এ সংজ্ঞার আওতাভুক্ত হইবে; এবং

(১০) ‘‘রেস্তোরাঁ’’ অর্থ এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখানে অর্থের বিনিময়ে ক্রেতাবৃন্দ আসন গ্রহণপূর্বক মানসম্মত খাদ্যসেবা গ্রহণ করিতে পারেন, এবং সামাজিক ও অন্যান্য অনুষ্ঠানাদি আয়োজনের সুবিধা সম্বলিত কমিউনিটি সেন্টার, কনভেনশন সেন্টার, পার্টি সেন্টার ইত্যাদিও রেস্তোঁরার অন্তর্ভুক্ত হইবে।

### এই আইন অতিরিক্ত গণ্য হওয়া

৩। এই আইনের বিধানাবলী সংশ্লিষ্ট বিষয়ে আপাততঃ বলবৎ অন্য কোন আইনের কোন বিধানকে ক্ষুণ্ণ না করিয়া উহার অতিরিক্ত হিসাবে কার্যকর হইবে।

### ভোজ্যতেলের বাধ্যতামূলক সমৃদ্ধকরণ

৪। (১) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তফসিল ১ এ বর্ণিত মাত্রা অনুযায়ী ভোজ্যতেল ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ করিতে হইবে।

(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) অনুযায়ী সমৃদ্ধকরণ ব্যতিরেকে কোনো ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাত করিতে পারিবে না।

### পরিশোধিত ভোজ্যতেল আমদানীর ক্ষেত্রে বিধি নিষেধ

৫। কোনো ব্যক্তি তফসিলে-১ এ বর্ণিত মাত্রা অনুযায়ী ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ করা হয় নাই এমন কোনো পরিশোধিত ভোজ্যতেল আমদানী করিতে পারিবে না।

### ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের বোতল, প্যাকেট, টিন বা অন্যান্য আধারের গায়ে ব্যবহার্য মোড়ক (label)

৬। (১) ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী কর্তৃক বিক্রয় বা সরবরাহের উদ্দেশ্যে সংরক্ষিত বা প্রদর্শিত ভোজ্যতেলের বোতল, প্যাকেট, টিন বা অন্যান্য আধার বা জারের গায়ে তফসিল-২ এ উল্লিখিত সমৃদ্ধকরণ প্রতীক (fortification logo) সম্বলিত মোড়ক ব্যবহার করিতে হইবে।

(২) উপ-ধারা (১) এ বর্ণিত মোড়কে ভোজ্যতেল ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ করা হইয়াছে মর্মে একটি বিবৃতি বড় মাপে ও অক্ষরে, বাংলা ও ইংরেজীতে, বোধগম্য এবং অমোচনীয়ভাবে লিপিবদ্ধ করিতে হইবে যাহা সহজে দৃশ্যমান হয়।

### খুচরা ও পাইকারী বিক্রেতার দায়িত্ব

৭। কোনো খুচরা ও পাইকারী বিক্রেতা ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ করা হয় নাই বা ধারা ৬ এ বর্ণিত মোড়ক ব্যবহার করা হয় নাই এমন কোনো ভোজ্যতেল বিক্রয় বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, পরিবেশন বা প্রদর্শন করিতে পারিবে না।

### হোটেল, রেস্তোঁরা এবং বাণিজ্যিকভাবে খাদ্যদ্রব্য প্রস্ত্ততকরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী

৮। সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, কোনো হোটেল, রেস্তোঁরা কিংবা অন্য কোনো খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত বা প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান কর্তৃক ভোজ্যতেল দ্বারা খাবার বা খাদ্যদ্রব্য তৈরী বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বাধ্যতামুলকভাবে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারের তারিখ নির্ধারণ করিবে।

### গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে ভোজ্যতেল পরিশোধনকারী বা সমৃদ্ধকারীর দায়িত্ব

৯। (১) ভোজ্যতেল পরিশোধনকারী ব্যক্তি ভোজ্যতেল সমৃদ্ধকরণের গুণগতমান নিশ্চিত করিবার উদ্দেশ্যে, সরকার কর্তৃক নির্ধারিত গুণগতমান নিশ্চিতকরণ মানদন্ড বা ব্যবস্থা অনুযায়ী উহার নিজস্ব অভ্যন্তরীণ গুণগতমান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করিবে।

(২) ভোজ্যতেল পরিশোধনকারী ভোজ্যতেল সমৃদ্ধকরণের উদ্দেশ্যে ব্যবহৃত ফরটিফিক্যান্ট (fortificant) বা ভিটামিন ‘এ’ এর মিশ্রণের চালান (supplies) এবং পরিমাণের হিসাব (record) সংরক্ষণ করিবে, এবং উহা নিশ্চিত করিবে যে উক্ত মিশ্রণ বা ফরটিফিক্যান্ট ব্যবহারের পূর্বে যথাযথ স্থানে এবং উপযুক্ত অবস্থায় মজুদ রাখা হইয়াছে।

(৩) প্রত্যেক ভোজ্যতেল পরিশোধনকারী বা সমৃদ্ধকারী কারখানা হইতে সংগৃহীত সমৃদ্ধকৃত ভোজ্যতেলের নমুনা কোনো এ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করিবে এবং তফসিল-১ এ বর্ণিত মাত্রা অনুযায়ী সমৃদ্ধকরণ নিশ্চিত করিবে।

### তদারকি ও পরিদর্শন, ইত্যাদি

১০। (১) ভোজ্যতেল যথাযথভাবে ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধকৃত কিনা অথবা সমৃদ্ধ করা হইতেছে কিনা বা এই আইনের অন্যান্য বিধান যথাযথভাবে অনুসরণ করা হইতেছে কিনা তাহা তদারকির জন্য বিএসটিআই বা সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো কর্মকর্তা ভোজ্যতেল পরিশোধনকারী, সমৃদ্ধকারী, আমদানীকারক ও বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো কারখানা, দোকান, ভান্ডার, পরিবহন বা স্থাপনা পরিদর্শন করিতে পারিবে।

(২) বিএসটিআই বা উপ-ধারা (১) এ নির্ধারিত কর্মকর্তা ভোজ্যতেল বা ভোজ্যতেলে ব্যবহৃত ভিটামিন ‘এ’ এর নমুনা সংগ্রহ করিয়া উহা সমৃদ্ধকরণের মাত্রা এ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত পরীক্ষাগার হইতে পরীক্ষা করিতে পারিবে বা পরীক্ষা করিবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দিতে পারিবে।

(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, বিএসটিআই, ভোজ্যতেল সমৃদ্ধকরণের সহিত সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে উপযুক্ত আদেশ বা নির্দেশনা প্রদান করিতে পারিবে।

### শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি, সমীক্ষা, ইত্যাদি

১১। সরকার, সময় সময়, ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের উপকারিতা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে এবং ভোক্তাদের অধিকার রক্ষার লক্ষ্যে শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি, প্রচারাভিযান করিতে পারিবে।

### সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার সহযোগিতা

১২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিএসটিআই এর চাহিদা অনুযায়ী, যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা বিএসটিআইএকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিবে।

(২) এই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করিবার নিমিত্ত, সরকার বা, ক্ষেত্রমত, বিএসটিআই, সরকার কর্তৃক স্বীকৃত জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সংগঠন বা সংস্থার পরামর্শ বা কারিগরি সহায়তা গ্রহণ করিতে পারিবে।

### বিএসটিআই বা ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী কর্তৃক অনুসরণীয় নির্দেশাবলী

১৩। সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিএসটিআই, এতদসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, সংস্থা বা ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী প্রতিষ্ঠানসমূহের সহিত পরামর্শক্রমে, ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ, ফরটিফিক্যান্ট বা ভিটামিন ‘এ’ এর মিশ্রণের ব্যবহার এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নির্দেশনা প্রদান করিতে পারিবে।

### প্রতিবেদন

১৪। বিএসটিআই প্রতি বৎসরের ডিসেম্বরের শেষ কার্যদিবসের পূর্ববর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট এই আইনের অধীন সংশ্লিষ্ট বৎসরে তাহাদের গৃহীত কার্যক্রমের একটি প্রতিবেদন প্রেরণ করিবে।

### কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

১৫। এই আইনের অধীন কোনো অপরাধ কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক সংঘটিত হইলে, তাহা বাংলাদেশে নিবন্ধিত (incorporated) হউক বা না হউক, যে সকল ব্যক্তি উক্ত অপরাধ সংঘটিত হইবার সময় উক্ত কোম্পানী বা ফার্মের পরিচালক, ব্যবস্থাপক, সচিব বা এজেন্টের দায়িত্বে ছিলেন তাহারা উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করিতে পারেন যে অপরাধটি তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে এবং তাহা রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।

### দন্ড

১৬। ১) কোনো ব্যক্তি এই আইনের ধারা ৪ এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য বিএসটিআই উক্ত ব্যক্তিকে অনধিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করিতে পারিবে।

(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ পুনরায় বা পৌনঃপুনিকভাবে করিয়া থাকিলে তিনি অনধিক ২০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড অথবা অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

(৩) কোনো ব্যক্তি ধারা ৫ এর বিধান লঙ্ঘন করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য বিএসটিআই উক্ত ব্যক্তিকে অনধিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করিতে পারিবে।

(৪) কোনো ব্যক্তি উপ-ধারা (৩) এ উল্লিখিত অপরাধ পুনরায় বা পৌনঃপুনিকভাবে করিয়া থাকিলে তিনি অন্যূন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং অনধিক ২০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড বা অনূর্ধ্ব ১ (এক) বৎসর কারাদন্ড বা অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

(৫) কোনো ব্যক্তি এই আইনের ধারা ৬, ৭ বা ৮ এর বিধান লঙ্ঘন করিলে, উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য বিএসটিআই উক্ত ব্যক্তিকে অনধিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করিতে পারিবে।

(৬) কোনো ব্যক্তি উপ-ধারা (৫) এ উল্লিখিত অপরাধ পুনরায় বা পৌনঃপুনিকভাবে করিয়া থাকিলে তিনি অন্যূন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং অনধিক ২০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড বা অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

(৭) কোনো ব্যক্তি এই আইনের অধীন প্রদত্ত কোনো আদেশ, নির্দেশনা বা এই আইন বা ইহার অধীন প্রণীত বিধির কোন বিধান লঙ্ঘন করিলে, যাহার জন্য এই আইনে কোনো জরিমানা বা দন্ডের বিধান নাই, তিনি অনধিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড বা অনূর্ধ্ব ৬ (ছয়) মাস কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

### জরিমানার অর্থ আদায় ও জরিমানার আদেশের বিরুদ্ধে আপিল ।

১৭। (১) এই আইনের অধীন বিএসটিআই কর্তৃক আরোপকৃত জরিমানার অর্থ The [Public Demands Recovery Act, 1913](/laws/act-98 "Act 98") (Bengal Act No. III of 1913) এর বিধান অনুযায়ী public demands হিসাবে আদায় করা যাইবে।

(২) এই আইনের অধীন বিএসটিআই কর্তৃক আরোপিত জরিমানার আদেশে সংক্ষুব্ধ ব্যক্তি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সরকারের নিকট আপিল দায়ের করিতে পারিবে এবং উক্ত আপিল যথাযথ শুনানি গ্রহণপূর্বক আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হইবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন আপিল নিষ্পত্তির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

### অপরাধের বিচার, ইত্যাদি

১৮। (১) এই আইনের অধীন অপরাধসমূহ অ-আমলযোগ্য (non-cognizable), জামিনযোগ্য (bailable) এবং আপোসযোগ্য (compoundable) হইবে।

(২) Code of Criminal Procedure,1898 (Act No v of 1898) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, প্রথম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে, এবং উক্ত ম্যাজিস্ট্রেট এই আইনে নির্ধারিত দন্ড আরোপ করিতে পারিবে।

### বিচার ও আপীলের ক্ষেত্রে অন্য আইনের প্রযোজ্যতা

১৯। এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে ইহার অধীন মামলা বা অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপীল, এবং বিচার-সংক্রান্ত অন্যান্য বিষয়ে [Code of Criminal Procedure, 1898](/laws/act-75 "Act 75") (Act No.V of 1898), [Evidence Act, 1872](/laws/act-24 "Act 24") (Act No.I of 1872), The Limitation Act 1908 (Act No. IX of 1908), এবং, ক্ষেত্র বিশেষে, [Penal Code, 1860](/laws/act-11 "Act 11") (Act No. XLV of 1860) এর তৃতীয় অধ্যায়ের বিধানাবলী প্রযোজ্য হইবে।

### মোবাইল কোর্টের এখতিয়ার

২০। এই আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুন না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ, যে ক্ষেত্রে যতটুকু প্রযোজ্য, [মোবাইল কোর্ট আইন, ২০০৯](/laws/act-1025 "Act 1025") (২০০৯ সনের ৫৯ নং আইন) অনুসারে বিচার্য হইবে।

### তফসিল সংশোধনের ক্ষমতা

২১। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।

### বিধি প্রণয়নের ক্ষমতা

২২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

### আইনের ইংরেজিতে অনূদিত পাঠ

২৩। (১) এই আইন প্রবর্তনের পর সরকার, যথা শীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) এই আইনের বাংলা পাঠ এবং ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1143.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
