> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন, ২০২০

> Bangladesh Krira Shikkha Protishthan Ordinance, 1983 রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতনভাবে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১২ ফ্রেব্রুয়ারি,২০২০

**Act No:** ২০২০ সনের ৩ নং আইন

যেহেতু সংবিধান ( পঞ্চদশ সংশোধন ) আইন , ২০১১ ( ২০১১ সনের ১৪ নং আইন ) দ্বারা ১৯৮২ সালের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের ‌ মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধনের চতুর্থ তপশিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হয় এবং সিভিল আপিল নং ৪৮ / ২০১১ তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান ( সপ্তম সংশোধন ) আইন , ১৯৮৬ ( ১৯৮৬ সনের ১ নং আইন ) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায় ; এবং

যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের ‌ মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হয় ; এবং

যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক - হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নূতনভাবে আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে ; এবং

যেহেতু সরকারের উল্লিখিত সিদ্ধান্তের আলোকে Bangladesh Krira Shikkha Protishthan Ordinance, 1983 (Ordinance No. LVIII of 1983) রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয় ;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। ( ১ ) এই আইন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন , ২০২০ নামে অভিহিত হইবে।

( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা পরিপন্থি কোনো কিছু না থাকিলে , এই আইনে ,-

( ১ ) ‘‘ দেশীয় খেলাধুলা ’’ অর্থ এই আইনের তপশিলে বর্ণিত খেলাসমূহ ;

( ২ ) ‘‘ প্রবিধান ’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান ;

( ৩ ) ‘‘ প্রতিষ্ঠান ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি );

( ৪ ) ‘‘ বিধি ’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি ;

( ৫ ) ‘‘ বোর্ড ’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড ; এবং

( ৬ ) ‘‘ মহাপরিচালক ’’ অর্থ প্রতিষ্ঠানের মহাপরিচালক।

### প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

৩। ( ১ ) Bangladesh Krira Shikkha Protishthan, Ordinance, 1983 (Ordinance No. LVIII of 1983) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Krira Shikkha Protishthan , বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) (Bangladesh Krira Shikkha Protishthan) (BKSP) নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে , যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।

( ২ ) প্রতিষ্ঠান একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে , এবং সরকারের পূর্বানুমোদনক্রমে প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর উভ য় প্রকার সম্পত্তি অর্জন করিবার , অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে , এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

### প্রতিষ্ঠানের কার্যালয়

৪। ( ১ ) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত হইবে।

( ২ ) প্রতিষ্ঠান , সরকারের পূর্বানুমোদনক্রমে , বাংলাদেশের যেকোনো স্থানে উহার আঞ্চলিক বা শাখা কার্যালয় বা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করিতে পারিবে।

### প্রতিষ্ঠানের কার্যাবলি

৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে , প্রতিষ্ঠানের কার্যাবলি হইবে নিম্নরূপ , য থা :-

( ১ ) নির্ধারিত বয়সসীমার বালক - বালিকাদের মধ্য হইতে ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা অন্বেষণ করা এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত ক্রীড়া ও সাধারণ শিক্ষার সুযোগসহ ক্রীড়া ক্ষেত্রে তাহাদের বিজ্ঞানভিত্তিক নিবিড় প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং পর্যাপ্ত সুবিধা প্রদান ;

( ২ ) উন্নতমানের ক্রীড়াবিজ্ঞানী , কোচ , রেফারি এবং আম্পায়ার তৈরির উদ্দেশ্যে সম্ভাবনাময় ক্রীড়াবিজ্ঞানী , কোচ , রেফারি এবং আম্পায়ারগণের প্রশিক্ষণ প্রদান ;

( ৩ ) ক্রীড়াবিজ্ঞানী , কোচ , রেফারি ও আম্পায়ারগণের কলাকৌশলগত দক্ষতা উন্নয়নকল্পে সার্টিফিকেট কোর্স পরিচালনা ;

( ৪ ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসাবে জাতীয় দলের প্রশিক্ষণের সুযোগ প্রদান ;

( ৫ ) অটিস্টিকসহ দেশের বিভিন্ন প্রতিবন্ধী অর্থাৎ শারীরিক , মানসিক , দৃষ্টি ও অন্যান্য প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য পৃথক ইউনিট গঠন এবং সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের সহিত সমন্বয়ক্রমে তাহাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান ও প্রতিযোগিতার আয়োজন ;

( ৬ ) বিভিন্ন দেশীয় খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন ;

( ৭ ) ক্রীড়া সম্পর্কিত তথ্যকেন্দ্র হিসাবে কার্য সম্পাদন ও গবেষণা কার্যক্রম পরিচালনা ;

( ৮ ) ক্রীড়া সম্পর্কিত পুস্তক , সাময়িকী , বুলেটিন এবং হালনাগাদ তথ্য প্রকাশ ও সংরক্ষণ ;

( ৯ ) দেশের বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক ও যোগাযোগ স্থাপন এবং অভিজ্ঞতা বিনিময় ;

( ১০ ) দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার সহিত যোগাযোগ স্থাপন ও কার্যাবলির সমন্বয় সাধন ;

( ১১ ) ক্রীড়া উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ;

( ১২ ) প্রতিবেশ ও পরিবেশবান্ধব ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ; এবং

( ১৩ ) সরকার কর্তৃক , সময় সময় , প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে , উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন এবং প্রয়োজনীয় অন্য যেকোনো কার্য সম্পাদন।

### পরিচালনা ও প্রশাসন

৬। প্রতিষ্ঠানের সাধারণ পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং প্রতিষ্ঠান যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।

### পরিচালনা বোর্ড গঠন

৭। ( ১ ) প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে , যথা :-

( ক ) মন্ত্রী , যুব ও ক্রীড়া মন্ত্রণালয় , যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবে **ন** ;

( খ ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী , যুব ও ক্রীড়া মন্ত্রণালয় , যদি থাকেন , যিনি বা যাহারা বোর্ডের ভাইস - চেয়ারম্যানও হইবেন ;

( গ ) সচিব , যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ;

( ঘ ) সচিব , অর্থ বিভাগ , অর্থ মন্ত্রণালয় ;

( ঙ ) সচিব , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ , শিক্ষা মন্ত্রণালয় ;

( চ ) সচিব , সমাজকল্যাণ মন্ত্রণালয় ;

( ছ ) সচিব , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ;

( জ ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন অন্যূন যুগ্মসচিব ;

( ঝ ) কমিশনার , ঢাকা বিভাগ ;

( ঞ ) পরিচালক , ক্রীড়া পরিদপ্তর ;

( ট ) সচিব , জাতীয় ক্রীড়া পরিষদ ;

( ঠ ) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি ;

( ড ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত উহার অধ্যাপক পদমর্যাদার নিম্নে নহেন এমন একজন প্রতিনিধি ;

( ঢ ) ক্যাডেট কলেজসমূহের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ;

( ণ ) চেয়ারম্যান , আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড ;

( ত ) মহাসচিব , বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ;

( থ ) সভাপতি , জাতীয় মহিলা ক্রীড়া পরিষদ ;

( দ ) সরকার কর্তৃক মনোনীত তিনজন খ্যাতনামা ক্রীড়া বিশেষজ্ঞ , যাহাদের মধ্যে একজন নারী হইবেন এবং মনোনয়নের ক্ষেত্রে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) এর সাবেক ক্রীড়াবিদগণ অগ্রাধিকার পাইবেন ;

( ধ ) মহাপরিচালক , যিনি উহার সদস্য - সচিবও হইবেন।

( ২ ) উপ - ধারা ( ১ ) এর দফা ( ক ) ও ( খ )- এ যাহা কিছুই থাকুক না কেন , মন্ত্রী না থাকিলে এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিলে প্রতিমন্ত্রী চেয়ারম্যান ও উপমন্ত্রী ভাইস - চেয়ারম্যান হইবেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রী না থাকিলে , উপমন্ত্রী চেয়ারম্যান হইবেন।

( ৩ ) উপ - ধারা ( ১ ) এর দফা ( দ ) এ উল্লিখিত মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ ( তিন ) বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন :

তবে শর্ত থাকে , উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার , যেকোনো সময় , কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্তরূপ মনোনীত কোনো সদস্যকে তাহার পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে বা মনোনীত কোনো সদস্য সরকারের উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

### বোর্ডের সভা

৮। ( ১ ) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে , বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

( ২ ) প্রতি ৬ ( ছয় ) মাসে বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ , সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে।

( ৩ ) বোর্ডের সদস্য - সচিব , চেয়ারম্যানের সম্মতিক্রমে , লিখিত নোটিশ দ্বারা , বোর্ড সভা আহবান করিবেন।

( ৪ ) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন , তবে তাহার অনুপস্থিতিতে , ভাইস - চেয়ারম্যান এবং ভাইস - চেয়ারম্যানের অনুপস্থিতিতে , চেয়ারম্যান কর্তৃক মনোনীত সদস্য সভাপতিত্ব করিবেন।

( ৫ ) বোর্ড সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক - তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে , তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো **কো** রামের প্রয়োজন হইবে না।

( ৬ ) বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে , তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে উক্ত সভার সভাপতির একটি নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

( ৭ ) বোর্ড উহার কোনো সভায় কোনো আলোচ্য বিষয়ে বিশেষ অবদান রাখিতে সক্ষম এইরূপ যেকোনো বিশেষজ্ঞ বা পরামর্শককে আমন্ত্রণ জানাইতে পারিবে এবং উক্ত ব্যক্তি সভার আলোচনায় অংশগ্রহণ করিতে পারিবেন , তবে ভোট প্রদানের কোনো ক্ষমতা তাহার থাকিবে না।

( ৮ ) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

### বোর্ডের ক্ষমতা

৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে , বোর্ডের ক্ষমতা হইবে নিম্নরূপ , যথা :-

( ক ) প্রতিষ্ঠানের প্রশাসনিক ও অন্য সকল কার্যক্রমের বিষয়ে নীতি - নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ ;

( খ ) প্রতিষ্ঠানের জন্য সম্পদ সংগ্রহ ও সম্পদের ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রদান ; এবং

( গ ) এই আইনে বর্ণিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন।

### মহাপরিচালক

১০। ( ১ ) প্রতিষ্ঠানের একজন মহাপরিচালক থাকিবে।

( ২ ) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।

( ৩ ) মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হইবেন , এবং তিনি -

( ক ) প্রতিষ্ঠানের সাধারণ কার্যাদি ও তহবিল পরিচালনা করিবেন ;

( খ ) বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিবেন ;

( গ ) বোর্ডের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন ; এবং

( ঘ ) সরকার কর্তৃক , সময় সময় , তাহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করিবেন।

( ৪ ) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি , অসুস্থতা , বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হইলে , শূন্যপদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত , সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

### কর্মচারী নিয়োগ

১১। ( ১ ) প্রতিষ্ঠান উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য , সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে।

( ২ ) কর্মচারীগণের নিয়োগ এবং চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

### কমিটি

১২। বোর্ড উহার কার্যাবলি পরিচালনায় সহযোগিতা করিতে যেরূপ কমিটি গঠন করা প্রয়োজন বিবেচনা করিবে , সেইরূপ কমিটি গঠন করিতে পারিবে।

### ক্ষমতা অর্পণ

১৩। বোর্ড লিখিতভাবে , সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা , আদেশে উল্লিখিত পরিস্থিতি ও শর্তে , যদি থাকে , উহার কোনো ক্ষমতা বোর্ডের চেয়াম্যান বা অন্য কোনো সদস্য বা প্রতিষ্ঠানের কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবে।

### তহবিল

১৪। ( ১ ) প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নরূপ উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে , য থা :-

( ক ) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরি ও অনুদান ;

( খ ) সরকারের পূর্বানুমোদনক্রমে , স্থানীয় সংস্থা বা কোনো বিদেশি সরকার বা সংস্থা হইতে প্রাপ্ত অনুদান বা ঋণ ;

( গ ) কোনো স্থানীয় কর্তৃপক্ষ , ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান বা অনুদান ;

( ঘ ) প্রতিষ্ঠানের নিজস্ব আয় ; এবং

( ঙ ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

( ২ ) তহবিলের সকল অর্থ কোনো তপশিলি ব্যাংকে প্রতিষ্ঠানের নামে জমা রাখিতে হইবে।

**ব্যাখ্যা।** **-** উপ - ধারা ( ২ ) এর উদ্দেশ্য পূরণকল্পে , ‘‘ তপশিলি ব্যাংক ’’ অর্থ [Bangladesh Bank Order, 1972](/laws/act-415 "Act 415") (P. O. 127 of 1972 এর Article 2(j ) তে সংজ্ঞায়িত Scheduled Bank ।

( ৩ ) সরকারের নিয়ম - নীতি ও বিধি - বিধান অনুসরণক্রমে প্রতিষ্ঠানের তহবিল পরিচালিত হইবে এবং তহবিলের অর্থ হইতে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে।

### বাজেট

১৫। প্রতিষ্ঠান প্রতি বৎসর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাব্য আয় - ব্যয়সহ পরবর্তী অর্থ বৎসরের বাৎসরিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত বৎসরে সরকারের নিকট হইতে প্রতিষ্ঠানের কী পরিমাণ অর্থের প্রয়োজন হইবে উহারও উল্লেখ থাকিবে।

### হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৬। ( ১ ) প্রতিষ্ঠান যথাযথভাবে উহার হিসাবরক্ষণ করিবে এবং প্রতিষ্ঠানের বার্ষিক আয় - ব্যয় বিবরণী ও স্থিতিপত্র প্রস্তুত করিবে।

( ২ ) বাংলাদেশের মহা হিসাব - নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতি অর্থ বৎসর প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও প্রতিষ্ঠানের নিকট প্রেরণ করিবেন।

( ৩ ) উপ - ধারা ( ২ ) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের মহা হিসাব - নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সকল রেকর্ড , দলিল - দস্তাবেজ , নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ , জামানত , ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং বোর্ডের যে কোনো সদস্য বা প্রতিষ্ঠানের যেকোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

### প্রতিবেদন

১৭। প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ ( তিন ) মাসের মধ্যে প্রতিষ্ঠান উক্ত বৎসরের সম্পাদিত কার্যাবলির উপর একটি বার্ষিক প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে।

### বিধি প্রণয়নের ক্ষমতা

১৮। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে , সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , বিধি প্রণয়ন করিতে পারিবে।

### প্রবিধান প্রণয়নের ক্ষমতা

১৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে , প্রতিষ্ঠান , সরকারের পূর্বানুমোদনক্রমে , সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , এই আইন বা বিধির সহিত অসাঞ্জস্যপূর্ণ নহে , এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।

### রহিতকরণ ও হেফাজত

২০। ( ১ ) Bangladesh Krira Shikkha Protishthan Ordinance, 1983 (Ordinance No. LVIII of 1983), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত , এতদ্দ্বারা রহিত করা হইল।

( ২ ) উপ - ধারা ( ১ ) এর অধীন রহিতকরণ সত্ত্বেও , উক্ত Ordinance এর অধীন -

( ক ) কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা , প্রদত্ত কোনো নোটিশ , প্রস্তুতকৃত বাজেট প্রাক্কলন , স্কিম বা প্রকল্প এই আইনের অধীন কৃত , গৃহীত , প্রদত্ত বা প্রস্তুতকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে ;

( খ ) প্রণীত কোনো বিধি বা প্রবিধান , জারীকৃত কোনো আদেশ , বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন , রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত , বলবৎ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত বা জারি করা হইয়াছে বলিয়া গণ্য হইবে ; এবং

( গ ) কোনো কার্যধারা অনিষ্পন্ন থাকিলে উহা এইরূপে নিষ্পন্ন করিতে হইবে , যেন উক্ত Ordinance টি রহিত হয় নাই।

( ৩ ) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে উক্ত Ordinance এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Krira Shikkha Protishthan এর -

( ক ) সকল সম্পদ , অধিকার , ক্ষমতা , কর্তৃত্ব , সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি , নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও জামানত , সকল দাবি , হিসাব বহি , রেজিস্টার , রেকর্ড এবং অন্যান্য দলিল প্রতিষ্ঠানের সম্পদ , অধিকার , ক্ষমতা , কর্তৃত্ব , সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি , নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও জামানত , দাবি , হিসাব বহি , রেজিস্টার , রেকর্ড এবং দলিল হিসাবে গণ্য হইবে ;

( খ ) সকল ঋণ , দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা , উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি , যথাক্রমে প্রতিষ্ঠানের ঋণ , দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা , উহার পক্ষে বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে ;

( গ ) বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা তৎকর্তৃক দায়েরকৃত মামলা বা আইনগত কার্যধারা বলিয়া গণ্য হইবে ;

( ঘ ) সকল কর্মচারী প্রতিষ্ঠানের কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন , এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত , তাহারা সেই একই শর্তে প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োজিত এবং , ক্ষেত্রমত , বহাল থাকিবেন।

### ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

২১। ( ১ ) এই আইন কার্যকর হইবার পর সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

( ২ ) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1298.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
