> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১

> Leader and Deputy Leader of the Opposition (Remuneration and Privileges) Ordinance, 1979 রহিতপূর্বক পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ০৭ ডিসেম্বর, ২০২১

**Act No:** ২০২১ সনের ২৩ নং আইন

যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের চতুর্থ তপশিলের ৩ক ও ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হয় এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১০৪৪-১০৪৫/২০০৯ ও সিভিল আপিল নং ৪৮/২০১১ তে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ (১৯৭৯ সনের ১নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং

যেহেতু ২০১৩ সনের ৬নং আইন দ্বারা [Leader and Deputy Leader of the Opposition (Remuneration and Privileges) Ordinance, 1979](/laws/act-591 "Act 591") (Ordinance No. XXI of 1979) এর বিষয়বস্তুর সাংবিধানিক প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা বিবেচনা করিয়া অন্যান্য কতিপয় অধ্যাদেশের সহিত উহা কার্যকর ও বলবৎ রাখা হয়; এবং

যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল অংশীজন ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং

যেহেতু [Leader and Deputy Leader of the Opposition (Remuneration and Privileges) Ordinance, 1979](/laws/act-591 "Act 591") (Ordinance No. XXI of 1979) রহিতক্রমে উহার মৌলিক বিধানাবলি অক্ষুণ্ণ রাখিয়া বাংলায় পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন [বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১](/laws/act-1388 "Act 1388") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২।  বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(ক) ‘বিরোধীদলের উপনেতা’ অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের উপনেতা;

(খ) ‘বিরোধীদলের নেতা’ অর্থ স্পিকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা;

(গ) ‘মন্ত্রী’ এবং ‘প্রতিমন্ত্রী’ অর্থ [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী।

### বিরোধীদলের নেতার বেতন, ইত্যাদি

৩।  বিরোধীদলের নেতা একজন মন্ত্রীর জন্য প্রযোজ্য অনুরূপ বেতন, ভাতা ও অন্যান্য বিশেষাধিকার প্রাপ্য হইবেন।

### বিরোধীদলের উপনেতার বেতন, ইত্যাদি

৪।  বিরোধীদলের উপনেতা একজন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য অনুরূপ বেতন, ভাতা ও অন্যান্য বিশেষাধিকার প্রাপ্য হইবেন।

### রহিতকরণ ও হেফাজত

৫।   (১) [Leader and Deputy Leader of the Opposition (Remuneration and Privileges) Ordinance, 1979](/laws/act-591 "Act 591") (Ordinance No. XXI of 1979), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও উক্ত Ordinance এর অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৬।  (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1388.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
