> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১

> Supreme Court Judges (Remuneration and Privileges) Ordinance, 1978 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ০৭ ডিসেম্বর, ২০২১

**Act No:** ২০২১ সনের ৩০ নং আইন

যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হইতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের চতুর্থ তফসিলের ৩ক ও ১৮ অনুচ্ছেদ বিলুপ্ত হইয়াছে এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপীল নং-১০৪৪-১০৪৫/২০০৯ এ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ (১৯৭৯ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পায়; এবং

যেহেতু ২০১৩ সনের ৬ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হইয়াছে; এবং

যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং

যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে [Supreme Court Judges (Remuneration and Privileges) Ordinance, 1978](/laws/act-567 "Act 567") (Ordinance No. XI of 1978) রহিতপূর্বক সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন [বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১](/laws/act-1395 "Act 1395") নামে অভিহিত হইবে।

(২) এই আইনের ১৩ ধারা ০৩ জুন ২০১৯ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং অন্যান্য ধারাসমূহ অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে ‘‘বিচারক’’ অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারক এবং বাংলাদেশের প্রধান বিচারপতি ও উক্ত কোর্টের কোনো বিভাগের অতিরিক্ত বিচারকগণও ইহার অন্তর্ভুক্ত হইবেন।

### বেতন

৩।  বিচারকগণ প্রতি মাসে নিম্নবর্ণিত হারে বেতন প্রাপ্য হইবেন, যথা:-

(ক) প্রধান বিচারপতি- ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা;

(খ) আপীল বিভাগের বিচারক- ১,০৫,০০০ (এক লক্ষ পাঁচ হাজার) টাকা; এবং

(গ) হাইকোর্ট বিভাগের বিচারক- ৯৫,০০০ (পঁচানব্বই হাজার) টাকা।

### বিশেষ ভাতা

৪।  বিচারকগণ প্রতি মাসে বেতনের শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ হারে বিশেষ ভাতা প্রাপ্য হইবেন।

### শ্রান্তি ও বিনোদন ভাতা

৫।   (১) বিচারকগণ প্রতি ৩ (তিন) বৎসর অন্তর অন্তর শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করিবার জন্য এক মাসের বেতনের সমপরিমাণ শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য হইবেন।

(২) বিচারকগণ প্রচলিত আইন ও বিধির আওতায় প্রাপ্য ছুটিকালীন বেতনের অতিরিক্ত হিসাবে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্য হইবেন।

### উৎসব ভাতা

৬। বিচারকগণ প্রতি বৎসর দুই মাসের বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রাপ্য হইবেন।

### বাংলা নববর্ষ ভাতা

৭।  বিচারকগণ প্রতি বৎসর এক বার এক মাসের বেতনের শতকরা ২০ (বিশ) ভাগ হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন।

### আবাসন সুবিধা

৮।  (১) বিচারকগণ আসবাবপত্র সজ্জিত একটি উপযুক্ত বাসগৃহ প্রাপ্য হইবেন যাহা ভাড়া, পৌরকর, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলমুক্ত থাকিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন বাসগৃহ প্রাপ্ত হইবার পূর্ব পর্যন্ত বিচারকগণ প্রতিমাসে ৫০,৬০০ (পঞ্চাশ হাজার ছয়শত) টাকা আবাসন ভাতা প্রাপ্য হইবেন।

### যানবাহন সুবিধা

৯।  (১) সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা যেইরূপ শর্তে সরকারি যানবাহন সুবিধা প্রাপ্য হন সেইরূপ শর্তে বিচারকগণ সরকারি যানবাহন সুবিধা প্রাপ্য হইবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন যানবাহন সুবিধা প্রাপ্ত না হইলে বা সরকারি যানবাহন ব্যবহারের প্রয়োজন না হইলে, বিচারকগণ নিজস্ব পরিবহণ ব্যবহারের জন্য প্রতি মাসে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পরিবহণ ভাতা প্রাপ্য হইবেন এবং নিজস্ব মালিকানাধীন যানবাহন ব্যবহার না করিলে প্রতি মাসে ২,০০০ (দুই হাজার) টাকা প্রাপ্য হইবেন।

### টেলিফোন সুবিধা

১০।  বিচারকগণ তাঁহাদের বাসগৃহে ব্যবহারের নিমিত্ত সরকারি খরচে একটি টেলিফোন সুবিধা প্রাপ্য হইবেন।

### কুক ভাতা

১১।  বিচারকগণ তাঁহাদের বাসভবনে একজন করিয়া বাবুর্চি পদের সুবিধার পরিবর্তে প্রতি মাসে ১৬,০০০ (ষোলো হাজার) টাকা কুক ভাতা প্রাপ্য হইবেন।

### সিকিউরিটি ভাতা

১২। বিচারকগণ তাঁহাদের ইয়ারমার্কড, স্বতন্ত্র, একক বাসা, বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে একজন করিয়া নিরাপত্তা প্রহরী পদের সুবিধার পরিবর্তে প্রতি মাসে ১৬,০০০ (ষোলো হাজার) টাকা সিকিউরিটি ভাতা প্রাপ্য হইবেন।

### নিয়ামক ভাতা

১৩।  বিচারকগণ প্রতি মাসে নিম্নবর্ণিত হারে নিয়ামক ভাতা (Sumptuary allowance) প্রাপ্য হইবেন, যথা:-

(ক) প্রধান বিচারপতি - ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা;

(খ) আপীল বিভাগের বিচারক - ৮,০০০ (আট হাজার) টাকা; এবং

(গ) হাইকোর্ট বিভাগের বিচারক- ৫,০০০ (পাঁচ হাজার) টাকা।

### সরকারি বিধানাবলির অনুসরণ

১৪।  ধারা ৬ হইতে ১৩ এ বর্ণিত সুবিধাদি প্রদানের ক্ষেত্রে সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত বিধানাবলি অনুসৃত হইবে।

### চিকিৎসা সুবিধা

১৫।  (১) বিচারকগণ এবং তাঁহাদের পরিবারের সদস্যগণ Special Medical Attendance Rules, 1950 এর অধীন চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রাপ্য হইবেন।

(২) উপ-ধারা (১) এর বিধান সত্ত্বেও, বিচারকগণ ও তাঁহাদের পরিবারের সদস্যগণ নিজ বাসগৃহে চিকিৎসা সুবিধার অধিকারী হইবেন।

(৩) উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রদেয় চিকিৎসা সুবিধা বিচারকগণের অবসর গ্রহণ বা অন্য কোনো কারণে তাঁহাদের কর্মের অবসান হইলেও অব্যাহত থাকিবে।

### রহিতকরণ ও হেফাজত

১৬।  (১) [Supreme Court Judges (Remuneration and Privileges) Ordinance, 1978](/laws/act-567 "Act 567") (Ordinance No. XI of 1978), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-

(ক) কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ বা সূচিত কোনো কার্যক্রম এই আইনের অধীন কৃত, গৃহীত, জারীকৃত, প্রদত্ত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; এবং

(খ) কোনো কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এই আইনের অধীন নিষ্পত্তি হইবে।

### ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

১৭।  (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) মূল বাংলা পাঠ এবং ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1395.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
