> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩

> সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১৩ নভেম্বর, ২০২৩

**Act No:** ২০২৩ সনের ৪৬ নং আইন

যেহেতু সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতৎসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতেু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রর্বতন

১। (১) এই আইন [বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩](/laws/act-1464 "Act 1464") নামে অভিহিত হইবে।

(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে।

* এস, আর, ও নং ৩৫১-আইন/২০২৫, তারিখ: ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ দ্বারা ১৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-

(১) “কর্মচারী” অর্থ বোর্ডের কোনো কর্মচারী;

(২) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান;

(৩) “ডেইরি” অর্থ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং উহার উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনাও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৪) “দুধ বা দুগ্ধ” অর্থ গবাদিপশু তথা গরু, মহিষ, ছাগল, ভেড়া বা উট হইতে আহরিত দুধ;

(৫) “দুগ্ধজাত পণ্য” অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত এইরূপ নিরাপদ খাদ্য যাহা সম্পূর্ণ ননীযুক্ত দুধ (whole milk) বা আংশিক ননীযুক্ত দুধ (skimmed milk) দ্বারা প্রস্তুতকৃত বা প্রক্রিয়াজাত;

(৬) “নির্বাহী পরিচালক” অর্থ বোর্ডের নির্বাহী পরিচালক;

(৭) “নিরাপদ খাদ্য” অর্থ [নিরাপদ খাদ্য আইন, ২০১৩](/laws/act-1127 "Act 1127") (২০১৩ সনের ৪৩ নং আইন) এর ধারা ২ এর দফা (১৭) এ সংজ্ঞায়িত নিরাপদ খাদ্য;

(৮) “পরিচালনা পর্ষদ” অর্থ বোর্ডের পরিচালনা পর্ষদ;

(৯) “প্রতিষ্ঠান” অর্থ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী কোনো খামার, প্রতিষ্ঠান, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম এবং অনুরূপ কোনো সংস্থাও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(১০) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(১১) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১২) “বোর্ড” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড; এবং

(১৩) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।

### অন্য আইনের বিধানাবলির অতিরিক্ততা

৩। এই আইনের বিধানাবলি অন্য কোনো আইনের বিধানের ব্যত্যয় না ঘটাইয়া উহার অতিরিক্ত হইবে।

### বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

৪। (১) এই আইন কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে।

(২) বোর্ড একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং বোর্ড উহার নিজ নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

### বোর্ডের কার্যালয়, ইত্যাদি

৫। (১) বোর্ডের প্রধান কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত স্থানে হইবে।

(২) বোর্ড, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, দেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।

### পরিচালনা ও প্রশাসন

৬। বোর্ডের সাধারণ পরিচালনা ও প্রশাসন পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে এবং বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ, দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন করিতে পারিবে পারিচালনা পর্ষদও সেই সকল ক্ষমতা প্রয়োগ, দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন করিতে পারিবে।

### পরিচালনা পর্ষদ

৭। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ডের একটি পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা :-

(ক) মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যদি থাকে, যিনি ইহার

কো-চেয়ারম্যানও হইবেন;

(গ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন সংসদ-সদস্য;

(ঘ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;

(ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ;

(চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ছ) স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(জ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঝ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঞ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ট) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;

(ঠ) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর;

(ড) মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট;

(ঢ) সরকার কর্তৃক মনোনীত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক;

(ণ) সরকার কর্তৃক মনোনীত নিবন্ধিত দুগ্ধ সমবায় সমিতিসমূহের মধ্য হইতে একজন করিয়া মোট ২ (দুই) জন সদস্য যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন মহিলা হইবেন;

(ত) সরকার কর্তৃক মনোনীত গবাদিপশু পালনকারী, বাণিজ্যিকভাবে দুধ উৎপাদনকারী ও দুগ্ধজাত পণ্যের ব্যবসায়ীগণের মধ্য হইতে ২ (দুই) জন প্রতিনিধি যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন মহিলা হইবেন, তবে কোনো শ্রেণি বা সংগঠন হইতে একাধিক সদস্য মনোনয়ন দেওয়া যাইবে না; এবং

(থ) নির্বাহী পরিচালক, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপধারা (১) এর দফা (ঢ), (ণ) ও (ত) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন, তবে দফা (ণ) এর অধীন মনোনীত ব্যক্তি সংশ্লিষ্ট সমিতির সদস্য থাকা সাপেক্ষে উক্ত মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন :

তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে উক্তরূপে মনোনীত কোনো সদস্যকে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৩) উপধারা (২) এ উল্লিখিত কোনো মনোনীত সদস্য চেয়ারম্যানের নিকট লিখিত স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

### পরিচালনা পর্ষদের সভা

৮। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, পরিচালনা পর্ষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(২) পরিচালনা পর্ষদের সভা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে।

(৩) প্রতি বৎসরে পরিচালনা পর্ষদের অন্যূন ২ (দুই) টি সভা অনুষ্ঠিত হইবে, তবে জরুরি প্রয়োজনে যে কোনো সময় সভা আহ্বান করা যাইবে।

(৪) পরিচালনা পর্ষদের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না।

(৫) চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে কো-চেয়ারম্যান এবং উভয়ের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করিবেন।

(৬) পরিচালনা পর্ষদের প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

(৭) শুধু কোনো সদস্য পদের শূন্যতা বা পরিচালনা পর্ষদ গঠনে ত্রুটি থাকিবার কারণে পরিচালনা পর্ষদের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো আদালতে বা অন্য কোথাও কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

### বোর্ডের কার্যাবলি

৯। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

(১) বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণ;

(২) দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্থাপনে তালিকাভুক্তি প্রদান;

(৩) ডেইরি সংক্রান্ত বিষয়ে বৈজ্ঞানিক, কারিগরি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান;

(৪) ডেইরি স্বাস্থ্য, দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা অনুরূপ বিষয়ে প্রচারণা ও প্রণোদনা প্রদান;

(৫) দুগ্ধ খামার বা দুগ্ধ শিল্পাঞ্চল সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, দুধ উৎপাদনে উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায় ভিত্তিতে খামার স্থাপনের উৎসাহ ও পরিবেশ সৃষ্টি;

(৬) সমবায় পর্যায়ে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঋণ প্রদান ও আদায় এবং এতদ্বিষয়ে সমবায়ভিত্তিক উদ্যোগে সহায়তা প্রদান;

(৭) দুধ বা দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, অবকাঠামো তৈরি ও ব্যবস্থাপনা;

(৮) নিরাপদ খাদ্য হিসাবে দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ বা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ;

(৯) সরকার কর্তৃক স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানের সহিত চুক্তির মাধ্যমে দুধ উৎপাদন বা প্রক্রিয়াকারী উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের ব্যবস্থা গ্রহণ;

(১০) দুধ বা দুগ্ধজাত পণ্যের উপর বিভিন্ন উপাত্ত সংগ্রহ, গ্রন্থনা এবং সরকারের নিকট প্রতিবেদন আকারে প্রেরণ;

(১১) দুধ বা দুগ্ধজাত পণ্যের উৎপাদন সংশ্লিষ্ট খামার ও শিল্পের উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়ন, পরিচালনা ও বাস্তবায়ন;

(১২) ডেইরি বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা, উৎসাহ, প্রণোদনা ও সহায়তা প্রদান; এবং

(১৩) সরকার কর্তৃক অর্পিত অন্য কোনো দায়িত্ব বা নির্দেশনা পালন।

### নির্বাহী পরিচালক

১০। (১) বোর্ডের একজন নির্বাহী পরিচালক থাকিবেন, যিনি অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত হইবেন।

(২) নির্বাহী পরিচালক বোর্ডের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করিবেন।

(৩) নির্বাহী পরিচালক, এই আইনে উল্লিখিত কার্যাবলিসহ সরকার ও পরিচালনা পর্ষদ কর্তৃক, সময় সময়, অর্পিত দায়িত্ব পালন করিবেন।

### তালিকাভুক্তি, ইত্যাদি

১১। (১) উপধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বোর্ডের নিকট হইতে তালিকাভুক্ত হইতে হইবে।

(২) উপধারা (১) এর অধীন তালিকাভুক্ত দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরকার, বা ক্ষেত্রমত, বোর্ড কর্তৃক, সময় সময় প্রদত্ত আর্থিক প্রণোদনা, ঋণ, অনুদান, কারিগরি সুবিধা বা অনুরূপ অন্য কোনো সুবিধাদি গ্রহণ করিতে পারিবে।

(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে তালিকাভুক্তির আবেদন, দাখিলীয় কাগজাদি, ফি, সনদ ও শর্তসহ আনুষঙ্গকি বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

### দুধ বা দুগ্ধজাত পণ্যের মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, ইত্যাদি

১২। (১) বোর্ড অন্য কোনো আইনের অধীন গৃহীত ব্যবস্থাকে ক্ষুণ্ন না করিয়া, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, দুধ বা দুগ্ধজাত পণ্যের মান নির্ধারণ, নিয়ন্ত্রণ ও উহার বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

(২) উপধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, দুধ বা দুগ্ধজাত পণ্যের উৎপাদনস্থল, মজুদাগার, প্রক্রিয়াকরণ কারখানা ও বাজার পরিদর্শন এবং দুধ বা দুগ্ধজাত পণ্যের নমুনা সংগ্রহ করাইতে পারিবে।

(৩) উপধারা (২) এর অধীন সংগৃহীত নমুনা পরীক্ষা করিয়া উহাতে সংশ্লিষ্ট নির্ধারিত মান নিশ্চিত করা হয় নাই মর্মে প্রতীয়মান হইলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ড বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষকে অনুরোধ করিতে পারিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

### বোর্ডের তহবিল, ইত্যাদি

১৩। (১) বোর্ডের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:-

সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;

(খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ;

(গ) বোর্ডের নিজস্ব আয় ও বোর্ডের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়;

(ঘ) বোর্ডের সম্পত্তি বিক্রয়লব্ধ বা লিজ বাবদ প্রাপ্ত অর্থ;

(ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তজার্তিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; এবং

(চ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) বোর্ডের তহবিল হইতে বোর্ডের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করিতে হইবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক তহবিল পরিচালনা করিতে হইবে।

(৩) তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত কোনো তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।

(৪) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাইবে।

(৫) নির্বাহী পরিচালক এবং বোর্ড কর্তৃক মনোনীত উহার একজন কর্মচারীর যৌথ স্বাক্ষরে তহবিলের হিসাব পরিচালিত হইবে।

ব্যাখ্যা:- এই ধারার উদ্দেশ্য পুরণকল্পে, “তফসিলি ব্যাংক” বলিতে [Bangladesh Bank Order, 1972](/laws/act-415 "Act 415") (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে।

### বাজেট

১৪। বোর্ড প্রতি বৎসর, সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সম্ভাব্য আয়-ব্যয়সহ পরবর্তী অর্থ-বৎসরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত অর্থ-বৎসরে সরকারের নিকট হইতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হইবে ইহারও উল্লেখ থাকিবে।

### হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৫। (১) বোর্ড, সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে, উহার হিসাবরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।

(২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, প্রতিবৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করিবেন এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী নিরীক্ষা রিপোর্ট দাখিল করিবেন।

(৩) উপধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষা ছাড়াও বোর্ড [Bangladesh Chartered Accountants Order, 1973](/laws/act-442 "Act 442") (President’s Order No. 2 of 1973) এর Article 2(1)(b)-তে সংজ্ঞায়িত কোনো চার্টার্ড একাউনটেন্ট দ্বারা বোর্ডের হিসাব নিরীক্ষা করাইতে পারিবে।

(৪) বোর্ডের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি অথবা উপধারা (৩) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউটেন্ট, বোর্ডের সকল রেকর্ড, দলিলাদি, বাৎসরিক ব্যালেন্স সিট, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ জামানত, ভাণ্ডার বা অন্যবিদ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং চেয়ারম্যান, সদস্য, নির্বাহী পরিচালক বা যে কোনো কর্মচারীর নিকট ব্যাখ্যা চাহিতে পারিবেন।

### বার্ষিক প্রতিবেদন

১৬। (১) বোর্ড প্রতি অর্থবৎসরে নিরীক্ষিত হিসাব বিবরণীসহ উহার সম্পাদিত কার্যাবলির বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী অর্থ বৎসরের ৩১ জানুয়ারির মধ্যে সরকারের নিকট দাখিল করিবে।

(২) সরকার, প্রয়োজনে, বোর্ডের নিকট হইতে উহার যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন ও বিবরণী আহবান বা কাগজ তলব করিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।

### কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৭। বোর্ড উহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

### ক্ষমতা অর্পণ

১৮। (১) বোর্ড, প্রয়োজনে, এই আইনের অধীন উহার কোনো ক্ষমতা, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, তদকর্তৃক নির্ধারিত শর্তাধীনে, নির্বাহী পরিচালক বা যে কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবে।

### বিধি প্রণয়নের ক্ষমতা

১৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

### প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২০। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।

### ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

২১। (১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1464.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
