> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২৬

> ভোটার তালিকা আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ০৪ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [ভোটার তালিকা আইন, ২০০৯](/laws/act-1005 "Act 1005") (২০০৯ সনের ৬ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1633 "Act 1633") নামে অভিহিত হইবে।

(২) ইহা ২৪জুলাই, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০০৯ সনের ৬ নং আইনের ধারা ৩ এর সংশোধন

২। [ভোটার তালিকা আইন, ২০০৯](/laws/act-1005 "Act 1005") (২০০৯ সনের ৬ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩ এর দফা (জ) তে উল্লিখিত ‘জানুয়ারী মাসের পহেলা তারিখ’ শব্দগুলির পর ‘বা কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোন তারিখ’ শব্দগুলি সন্নিবেশিত হইবে।

### ২০০৯ সনের ৬ নং আইনের ধারা ১১ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১১ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(১) কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান সকল ভোটার তালিকা, প্রতি বৎসর ২ জানুয়ারি হইতে ২ মার্চ পর্যন্ত বা তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩ এর দফা (জ) এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে, নিম্নরূপে হালনাগাদ করা হইবে, যথা:—

(ক) পূর্বের বৎসরের ২ জানুয়ারী বা ধারা ৩ এর দফা (জ) এর অধীন কমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখ হইতে যিনি ১৮ বৎসর বয়স পূর্ণ হইবার কারণে ভোটার হইবার যোগ্য হইয়াছেন অথবা যোগ্য ছিলেন, কিন্তু ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত হন নাই, তাহাকে ভোটার তালিকাভুক্ত করা;

(খ) উক্ত সময়কালে যিনি মৃত্যুবরণ করিয়াছেন কিংবা তালিকাভুক্ত হইবার অযোগ্য ছিলেন কিংবা হইয়াছেন, তাহার নাম কর্তন করা; এবং

(গ) যিনি বিদ্যমান নির্বাচনী এলাকা বা, ক্ষেত্রমত, ভোটার এলাকা হইতে অন্য নির্বাচনী এলাকায় বা, ক্ষেত্রমত, ভোটার এলাকায় আবাসস্থল পরিবর্তন করিয়াছেন, তাহার নাম পূর্বের এলাকার ভোটার তালিকা হইতে কর্তন করিয়া স্থানান্তরিত এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা:

তবে শর্ত থাকে যে, যদি ভোটার তালিকা উপরি-উল্লিখিতভাবে হালনাগাদ না করা হয়, তাহা হইলে উহার বৈধতা বা ধারাবাহিকতা ক্ষুণ্ণ হইবে না।”।

### রহিতকরণ ও হেফাজত

৪। (১) [ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1552 "Act 1552") (২০২৫ সনের ৩৯ নং অধ্যাদেশ) এতদ্দারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1633.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
