> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০২৪-২৫ অর্থবৎসর) আইন, ২০২৬

> ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ১৯ নং আইন

যেহেতু ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০২৪-২৫ অর্থবৎসর) আইন, ২০২৬](/laws/act-1648 "Act 1648") নামে অভিহিত হইবে।

(২) এই আইন ২৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০২৪-২০২৫ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৩০৫১২,০৮,৮২,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত বারো কোটি আট লক্ষ বিরাশি হাজার) টাকা প্রদান

২। ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৩০৫১২,০৮,৮২,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত বারো কোটি আট লক্ষ বিরাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য ২০২৫ সনের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

### রহিতকরণ ও হেফাজত

৪। (১) [নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1544 "Act 1544") (২০২৫ সনের ৩১নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1648.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
