> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬

> সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ২৮ নং আইন

যেহেতু [সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯](/laws/act-1009 "Act 1009") (২০০৯ সনের ১৬ নং আইন) সময়োপযোগী করিবার লক্ষ্যে উক্ত আইন অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1657 "Act 1657") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ১৮ এর সংশোধন

২। [সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯](/laws/act-1009 "Act 1009") (২০০৯ সনের ১৬ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে” শব্দগুলির পর “বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করিতে পারিবে” শব্দগুলি সংযোজিত হইবে।

### ২০০৯ সনের ১৬ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ২০ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “যদি কোনো ব্যক্তিকে ধারা ১৮ এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয়” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে “যদি কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ধারা ১৮ এর উপ-ধারা (১) এ বর্ণিত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (১) এর-

(অ) দফা (গ)-তে উল্লিখিত “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে “উক্ত” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং

(আ) দফা (ঙ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ঙ) উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।”;

(গ) উপ-ধারা (২) এ উল্লিখিত “নিষিদ্ধ” শব্দের পরিবর্তে “উপ-ধারা (১) এ উল্লিখিত” শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(ঘ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংঘটনের” শব্দগুলির পরিবর্তে “ধারা ১৮ এর উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে এইরূপ কোনো ব্যক্তি বা সত্তার” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৪। (১) [সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1534 "Act 1534") (২০২৫ সনের ২১ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1657.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
