> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬

> জেলা পরিষদ আইন, ২০০০ -এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৫৯ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [জেলা পরিষদ আইন, ২০০০](/laws/act-841 "Act 841") (২০০০ সনের ১৯ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### ১| সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১| (১) এই আইন [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1688 "Act 1688") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইবে বলিয়া গণ্য হইবে।

### ২০০০ সনের ১৯ নং আইনে নূতন ধারা ১০খ এর সন্নিবেশ

২। [জেলা পরিষদ আইন, ২০০০](/laws/act-841 "Act 841") (২০০০ সনের ১৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ১০ক এর পর নিম্নরূপ নূতন ধারা ১০খ সন্নিবেশিত হইবে, যথা:-

“১০খ। বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা।- এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, যে কোনো বা সকল জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্যকে অপসারণ করিতে পারিবে।”।

### ২০০০ সনের ১৯ নং আইনে নূতন ধারা ৮২ক এর সন্নিবেশ

৩। উক্ত আইনের ধারা ৮২ এর পর নিম্নরূপ নূতন ধারা ৮২ক সন্নিবেশিত হইবে, যথা:

“৮২ক। বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা।-(১) এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে, অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, যে কোনো জেলা পরিষদের উহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে, একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে।

(২) সরকার, প্রয়োজনবোধে, যথাযথ বলিয়া বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ করিতে পারিবে।

(৩) উপ-ধারা (১) অনুযায়ী নিযুক্ত প্রশাসক এবং উপ-ধারা (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ, যদি থাকে, যথাক্রমে, চেয়ারম্যান ও সদস্যের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।”।

### রহিতকরণ ও হেফাজত

৪। (১) [জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1498 "Act 1498") (২০২৪ সনের ২ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1688.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
