> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬

> স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৬০ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1689 "Act 1689") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯) সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (৫৫ক) ও (৬১ক) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ এর বিলুপ্তি

৩। উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন

৪। উক্ত আইন এর ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের নূতন ধারা ৩২ক এর সন্নিবেশ।

৫। উক্ত আইনের ধারা ৩২ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩২ক সন্নিবেশিত হইবে, যথা:-

“৩২ক। বিশেষ পরিস্থিতিতে মেয়র ও কাউন্সিলরগণের অপসারণের ক্ষেত্রে সরকার এর ক্ষমতা।-এই আইনের অন্যান্য বিধান কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনের যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, যে কোন বা সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে।”।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের নূতন ধার ৪২ক এর সন্নিবেশ

৬। উক্ত আইনের ধারা ৪২ এর পর নিম্নরূপ নূতন ধারা ৪২ক সন্নিবেশিত হইবে, যথা:-

“৪২ক। বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার এর ক্ষমতা।-(১) এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিশেষ পরিস্থিতিতে, অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে, কোন পৌরসভায় উহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে, একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে।

(২) সরকার, প্রয়োজনে, যথাযথ বলিয়া বিবেচিত হয় এইরূপ সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ করিতে পারিবে।

(৩) উপ-ধারা (১) অনুযায়ী নিযুক্ত প্রশাসক এবং উপ-ধারা (২) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ, যদি থাকে, যথাক্রমে, মেয়র ও কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।”।

### রহিতকরণ ও হেফাজত

৭। (১) [স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1501 "Act 1501") (২০২৪ সনের ৫ নং অধ্যাদেশ) এবং [স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1557 "Act 1557") (২০২৫ সনের ৪৪ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশ দুইটির অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1689.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
