> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬

> বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১৬ জুলাই, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ১০২ নং আইন

যেহেতু বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক মুনাফাভিত্তিক (for-profit) বা অ-মুনাফাভিত্তিক (not-for-profit) কোম্পানী বা সংগঠন গঠন এবং কোম্পানী বা সংগঠনের শেয়ার অর্জন ও ধারণের বিধান করা প্রয়োজন; এবং

যেহেতু এতদুদ্দেশ্যে [বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮](/laws/act-818 "Act 818") (১৯৯৮ সনের ১নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।

১। (১) এই আইন [বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1731 "Act 1731") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮](/laws/act-818 "Act 818") (১৯৯৮ সনের ১নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (ঙ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঙঙ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঙঙ) “কোম্পানী” অর্থ [কোম্পানী আইন, ১৯৯৪](/laws/act-788 "Act 788") (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন নিবন্ধিত কোনো কোম্পানী;”।

### ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৬ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৬ এর দফা (ণ) এর প্রান্তঃস্থিত দাড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (ত) ও (থ) সংযোজিত হইবে, যথা:-

“(ত) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অতিরিক্ত হিসাবে চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে, [কোম্পানী আইন, ১৯৯৪](/laws/act-788 "Act 788") (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন মুনাফাভিত্তিক\
(for-profit) বা অ-মুনাফাভিত্তিক (not-for-profit) কোম্পানী গঠন করা অথবা অন্য কোনো আইনের অধীন দাতব্য কর্মসূচি পরিচালনার লক্ষ্যে কোনো সংগঠন গঠন করা; এবং অনুরূপ কার্যক্রম হইতে উদ্ভূত আয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে ব্যয় করা;

(থ) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য পূরণকল্পে যে কোনো কোম্পানীর শেয়ার অর্জন, ধারণ ও হস্তান্তর করা;” ।

### ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪০ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৪০ এর উপ-ধারা (১) এর দফা (প) এর পর নিম্নরূপ নূতন দফা (পপ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(পপ) ধারা ৬ এর দফা (ত) ও (থ) এর অধীন কোম্পানী গঠন, শেয়ার অর্জন, ধারণ ও হস্তান্তর, পরিচালনা পর্যদে প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত পদ্ধতি ও শর্তাবলি নির্ধারণ;”।

### ১৯৯৮ সনের ১ নং আইনের ধারা ৪৮ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৪৮ এর উপ-ধারা (২) এর দফা (ছ) এর পর নিম্নরূপ নূতন দফা (ছছ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ছছ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত বা যাহাতে বিশ্ববিদ্যালয় শেয়ার ধারণ করে এইরূপ কোম্পানী হইতে প্রাপ্ত লভ্যাংশ, ইজারা বা লাইসেন্স ফি এবং অন্য কোনো আয়;”।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1731.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
