> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬

> বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিস্তার এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিশেষ বিধান প্রণয়নকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Active

**Date of Publication:** ১৯ অক্টোবর, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৩৯ নং অধ্যাদেশ

যেহেতু বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতকল্পে বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন; এবং

যেহেতু সংসদ অধিবেশনে নাই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](https://laws.sayed.app/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬](https://laws.sayed.app/laws/act-1743.md "Act 1743") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,-

(ক) 'উপযুক্ত কর্তৃপক্ষ” অর্থ বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা, বা কোম্পানি অথবা সরকার কর্তৃক, সময় সময়, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, এতদুদ্দেশ্যে ঘোষিত কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, দপ্তর বা সংস্থা;

(খ) "উপযুক্ত স্থান" অর্থ বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য উপযোগী ভবনের ছাদ বা আঙিনা, ভবন সংলগ্ন পতিত জমি বা জলাশয়;

(গ) "ওপেক্স মডেল (OPEX Model)" অর্থ Operational Expenditure Model, যাহার অধীন সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে এবং উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী পারস্পরিক সমন্বয় করা হয়;

(ঘ) “কাউন্সিল” অর্থ ধারা ১০ এর অধীন গঠিত 'জাতীয় পলিসি কাউন্সিল';

(ঙ) "ক্যাপেক্স মডেল (CAPEX Model)" অর্থ Capital Expenditure Model, যাহার অধীন কোনো প্রতিষ্ঠান তাহার নিজস্ব অর্থায়নে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ক্রয়, স্থাপন ও মালিকানা স্বত্ব সংরক্ষণ করে;

(চ) "গ্রাহক" অর্থ যাহার মালিকানাধীন উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হইয়াছে বা হইবে;

(ছ) "ছাদ (Rooftop)" অর্থ যেকোনো ভবন, পার্কিংলট, গ্যারেজ, বাণিজ্যিক বা শিল্প স্থাপনা, ইত্যাদির ছাদ অথবা সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত টিনশেড অথবা ভবনের বহির্ভাগে গ্রাহকের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদ্যমান খালি জায়গা বা সীমানা প্রাচীর, যে স্থানে বিতরণ ইউটিলিটির মিটার রহিয়াছে অথবা এমন কোনো সুবিধাজনক এলাকা, যে স্থানে বিতরণ ইউটিলিটি কর্তৃক নেট-মিটারিং পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি সিস্টেম স্থাপনের জন্য অনুমোদন করা হইয়াছে;

(জ) "নেট-মিটারিং (Net Metering)" অর্থ এমন একটি দ্বিমুখী বিদ্যুৎ পরিমাপ ও বিলিং ব্যবস্থা, যাহার মাধ্যমে কোনো গ্রাহক উপযুক্ত স্থানে স্থাপিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করিয়া উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন এবং গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডারের সহিত নির্ধারিত বিলিং মেয়াদে বিদ্যুৎ বিলের সহিত সমন্বয় করেন; এবং উক্ত সমন্বয়ের পর উদ্বৃত্ত বিদ্যুৎ থাকিলে, প্রযোজ্য বিধান ও সরকার নির্ধারিত ট্যারিফ অনুযায়ী, উহার মূল্য প্রাপ্য হন;

(ঝ) "ফৌজদারি কার্যবিধি" অর্থ The [Code of Criminal Procedure, 1898](https://laws.sayed.app/laws/act-75.md "Act 75") (Act No. V of 1898);

(ঞ) "বিতরণ ইউটিলিটি অর্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক যে কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিতরণের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসাবে লাইসেন্স প্রদান করা হইয়াছে;

(ট) "বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা" অর্থ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানির প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচপাম্প, সৌরচালিত কোল্ড স্টোরেজ, ইভি চার্জিং স্টেশন, চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমি, ভাসমান সৌরবিদ্যুৎ (Floating Solar), কৃষি সৌরবিদ্যুৎ (Agro-voltaic) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করিয়া স্থাপিত সর্বোচ্চ ৫ (পাঁচ) মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা; তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ (Land-based Solar) ব্যবস্থা ইহার অন্তর্ভুক্ত হইবে না;

(ঠ) "সার্ভিস প্রোভাইডার (Service Provider)" অর্থ ধারা ৫ এর অধীন তালিকাভুক্ত ও নির্বাচিত কোনো বিনিয়োগকারী ব্যক্তি, কোম্পানি, যৌথ মূলধনী কারবার বা প্রতিষ্ঠান অথবা কোনো বিতরণ ইউটিলিটি; এবং

(ড) "সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি" অর্থ অবৈধ পন্থায় সৌর বিদ্যুৎ সংযোগ বা সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশ গ্রহণ করিয়া উহার ভোগ বা ব্যবহার।

### আইনের প্রাধান্য

৩। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে।

### বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন

৪। (১) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে উপযুক্ত স্থানে স্থাপন করা যাইবে।

(২) উপ-ধারা (১)-এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রহিয়াছে, তাহারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করিতে পারিবে।

৫। সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নির্বাচন।- (১) উপযুক্ত কর্তৃপক্ষ প্রচলিত তালিকাভুক্তি পদ্ধতি সহজীকরণপূর্বক ওপেক্স ও ক্যাপেক্স মডেলে বিনিয়োগের জন্য জেলাভিত্তিক নির্দিষ্ট সংখ্যক যোগ্য সার্ভিস প্রোভাইডারের তালিকা প্রস্তুত, পরিমার্জন ও সংরক্ষণ করিবে।

(২) উপ-ধারা (১)-এর অধীন যোগ্য বিবেচিত প্রতিষ্ঠানসমূহ, নির্ধারিত নিবন্ধন ফি প্রদান সাপেক্ষে, সার্ভিস প্রোভাইডার হিসাবে তালিকাভুক্ত হইবে।

(৩) তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারগণের মধ্য হইতে, গ্রাহক কর্তৃক প্রতিযোগিতার মাধ্যমে, উপযুক্ত সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হইবে।

(৪) সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নির্বাচনের লক্ষ্যে প্রস্তাব দলিল, প্রস্তাব আহ্বান, প্রস্তাব উপাত্ত শীট এবং মূল্যায়ন ও নির্বাচন মানদণ্ড সংক্রান্ত বিষয় সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত হইবে।

(৫) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, কোনো গ্রাহক ইচ্ছা করিলে সার্ভিস প্রোভাইডার ব্যতিরেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের দ্বারাও বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করিতে পারিবেন।

### ত্রিপক্ষীয় চুক্তি

৬। (১) এই অধ্যাদেশের অধীন বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অনুসরণীয় আদর্শ চুক্তিনমুনা (Standard Contract Format) এবং উক্ত চুক্তির শর্তাবলি সরকার, প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারণ করিবে, এবং উক্ত চুক্তিতে, অন্যান্য বিষয়ের সহিত, নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিবে, যথা:-

(ক) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য উপযুক্ত স্থান গ্রাহকের ব্যবহারের অধিকার, ব্যবহারের শর্ত এবং স্বার্থ ও অধিকার সংরক্ষণ;

(খ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণের গুণগত মান, কারিগরি মানদণ্ড এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত;

(গ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের ফলে সৃষ্ট ই-বর্জ্যের নিরাপদ সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার ও অপসারণ;

(ঘ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রপাতি ও উপকরণের মেয়াদোত্তীর্ণ বা ব্যবহার-অনুপযোগী হইবার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রস্তুতকারক, সরবরাহকারী বা সার্ভিস প্রোভাইডার কর্তৃক উহা ফেরত গ্রহণ ও ব্যবস্থাপনার জন্য টেক-ব্যাক স্কিম (Take-back Scheme) বাস্তবায়ন;

(ঙ) উৎপাদিত বিদ্যুতের বণ্টন, গ্রাহকের ব্যবহার এবং উদ্বৃত্ত বিদ্যুতের ব্যবস্থাপনা;

(চ) গ্রাহকের প্রাপ্য বা ব্যবহারের জন্য নির্ধারিত উৎপাদিত বিদ্যুতের ন্যূনতম অংশ বা অনুপাত এবং উহা নির্ধারণের পদ্ধতি;

(ছ) গ্রাহকের নির্ধারিত বিদ্যুৎ-অংশের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য মূল্যহার, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং বিল পরিশোধের শর্ত:

(জ) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মেরামত, যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিতকরণের দায়িত্ব;

(ঝ) নেট-মিটারিংয়ের আওতায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও হিসাব সমন্বয়ের পদ্ধতি, প্রযোজ্য সার্ভিস চার্জ, বিল পরিশোধের সময়সীমা এবং অতিরিক্ত বা অপরিশোধিত অর্থের সমন্বয়; এবং

(ঞ) চুক্তির শর্তাবলি প্রতিপালন, পক্ষগণের অধিকার ও দায়িত্ব, চুক্তির মেয়াদ, নবায়ন, সংশোধন ও অবসানের পদ্ধতি ও বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, এবং চুক্তির মেয়াদ শেষ হইলে বা অবসান ঘটিলে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও সংশ্লিষ্ট সম্পদের ব্যবস্থাপনা।

(৩) উপ-ধারা (২)-এর অধীন নির্ধারিত আদর্শ চুক্তিনমুনা ও শর্তাবলি সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য প্রযোজ্য হইবে এবং চুক্তির কোনো শর্ত উক্ত আদর্শ চুক্তিনমুনা বা প্রযোজ্য আইন ও বিধির সহিত অসামঞ্জস্যপূর্ণ হইবে না।

### ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান

৭। [পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬](https://laws.sayed.app/laws/act-942.md "Act 942") (২০০৬ সনের ২৪ নং আইন), [ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬](https://laws.sayed.app/laws/act-1733.md "Act 1733") (২০২৬ সনের ১০৪ নং আইন) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে

(ক) ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে (Limited Tendering Method) পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা অনুর্ধ্ব ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত হইবে;

(খ) বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) ব্যবহার আবশ্যক হইবে না;

(গ) গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন ও অনুমোদনের ক্ষেত্রে ক্রয়কারী বা প্রস্তাব আহ্বানকারী কর্তৃপক্ষের এক ধাপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদনকারী কর্তৃপক্ষ বলিয়া গণ্য হইবেন; এবং

(ঘ) গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির মেয়াদ সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত হইবে।

### স্রেডা কর্তৃক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ

৮। [টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২](https://laws.sayed.app/laws/act-1107.md "Act 1107") (২০১২ সনের ৪৮ নং আইন) এর অধীনে গঠিত টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) উহার ওয়েবসাইটে স্থাপিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সকল তথ্যাদি সংরক্ষণ করিবে এবং উক্ত ব্যবস্থাসমূহ সচল রহিয়াছে কি না তাহা নিয়মিত পর্যবেক্ষণ করিবে।

### নেট-মিটারিং প্রণোদনা

৯। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এবং এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার বা এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান নেট-মিটারিং সংক্রান্ত প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা ও জারি করিতে পারিবে।

### জাতীয় পলিসি কাউন্সিল গঠন

১০। (১) বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি 'জাতীয় পলিসি কাউন্সিল' গঠিত হইবে, যথা:-

(ক) প্রধানমন্ত্রী, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

(গ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়;

(ঘ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;

(ঙ) মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়;

(চ) মন্ত্রিপরিষদ সচিব;

(ছ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব;

(জ) সিনিয়র সচিব/সচিব, অর্থ বিভাগ;

(ঝ) সিনিয়র সচিব/সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ;

(ঞ) সিনিয়র সচিব/সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়;

(ট) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড;

(ঠ) সিনিয়র সচিব/সচিব, বিদ্যুৎ বিভাগ, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) কাউন্সিল, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে অথবা উহার বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে।

(৩) কাউন্সিলের কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) বিশেষ সৌরবিদ্যুৎ বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক নীতিগত দিকনির্দেশনা প্রদান;

(খ) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সাধন; এবং

(গ) নেট-মিটারিং, প্রণোদনা প্যাকেজ, ট্যারিফ কাঠামো এবং বিনিয়োগ মডেল (OPEX ও CAPEX) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ।

### স্থানীয় কারিগরি ও সমন্বয় কমিটি গঠন

১১। (১) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে জেলা পর্যায়ে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে 'জেলা কারিগরি ও সমন্বয় কমিটি', অতঃপর এই ধারায় জেলা কমিটি বলিয়া উল্লিখিত, গঠিত হইবে, যথা:-

(ক) জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) পুলিশ সুপারিনটেনডেন্ট;

(গ) প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন (প্রযোজ্য ক্ষেত্রে);

(ঘ) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ;

(৬) সিভিল সার্জন;

(চ) বিভাগীয় বন কর্মকর্তা;

(ছ) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ;

(জ) নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর;

(ঝ) নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর;

(ঞ) নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;

(ট) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা;

(ঠ) প্রধান নির্বাহী কর্মকর্তা/পৌর নির্বাহী কর্মকর্তা (পৌরসভাসমূহ);

(ড) বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির জেলা প্রধান (একাধিক থাকিলে); এবং

(ঢ) জেলা সদরের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির জেলা প্রধান, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(২) জেলা কমিটি, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে পারিবে।

(৩) জেলা কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) সংশ্লিষ্ট জেলায় বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা প্রদান;

(খ) কার্যক্রম বাস্তবায়নে কোনো অস্পষ্টতা থাকিলে তাহা দূরীকরণ;

(গ) কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রতি ৩ (তিন) মাস অন্তর কাউন্সিলের নিকট প্রেরণ;

(ঘ) কার্যক্রম সংক্রান্ত বিরোধ, যদি থাকে, নিষ্পত্তিকরণ; এবং

(৬) সংশ্লিষ্ট গ্রাহকগণকে প্রশিক্ষণ প্রদান এবং অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ।

(৪) বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে উপজেলা পর্যায়ে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে 'উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি', অতঃপর এই ধারায় উপজেলা কমিটি বলিয়া উল্লিখিত, গঠিত হইবে, যথা:-

(ক) উপজেলা নির্বাহী অফিসার, যিনি উহার সভাপতিও হইবেন;

(খ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি কলেজের অধ্যক্ষ (যদি থাকে);

(গ) সহকারী কমিশনার (ভূমি);

(ঘ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি);

(৬) উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর;

(চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও);

(ছ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার;

(জ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (যদি থাকে);

(ঝ) উপজেলা শিক্ষা অফিসার;

(ঞ) বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির উপজেলা প্রধান (একাধিক থাকিলে); এবং

(ট) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানির উপজেলা প্রধান (যে প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা সর্বাধিক), যিনি উহার সদস্য-সচিবও হইবেন।

(৫) উপজেলা কমিটি, প্রয়োজনে, যেকোনো উপযুক্ত ব্যক্তিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট (Co-opt) করিতে পারিবে।

(৬) উপজেলা কমিটির কার্যপরিধি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) সংশ্লিষ্ট উপজেলায় কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা প্রদান;

(খ) কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন দলিলাদি সংরক্ষণ;

(গ) কার্যক্রম বাস্তবায়নে কোনো অস্পষ্টতা থাকিলে উহা দুরীকরণ;

(ঘ) কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রতি ১ (এক) মাস অন্তর জেলা কমিটিতে প্রেরণ;

(ঙ) কার্যক্রম সংক্রান্ত বিরোধ, যদি থাকে, নিষ্পত্তিকরণ এবং, প্রয়োজনে, জেলা কমিটির নিকট প্রেরণ; এবং

(চ) সংশ্লিষ্ট গ্রাহকগণকে প্রশিক্ষণ ও অগ্রগতি অবহিতকরণ।

### বিশেষ সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি বা চোরাই মাল গ্রহণ ও দণ্ড

১২। (১) কোনো ব্যক্তি যদি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে বিদ্যুৎ বা উহার কোনো যন্ত্রাংশ চুরি করেন, তাহা হইলে উক্ত কার্য একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।

(২) কোনো ব্যক্তি যদি চোরাই বলিয়া জানা সত্ত্বেও বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশ ক্রয়, বিক্রয় বা নিজ হেফাজতে রাখেন, তাহা হইলে উক্ত কার্য একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।

### বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষতিসাধন ও দণ্ড

১৩। কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার কোনো যন্ত্রাংশের ক্ষতিসাধন করিলে, উহা একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।

### অবৈধ লাইন সংযোগ ও দণ্ড

১৪। কোনো ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতিরেকে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা হইতে অন্য কোনো ব্যক্তিকে অবৈধ সংযোগ প্রদান করিলে, উহা একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।

### স্থাপন কার্যক্রমে বাধা ও দণ্ড

১৫। কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, সংযোগ, পরিদর্শন বা রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী বা সার্ভিস প্রোভাইডারকে বাধা প্রদান করিলে, উহা একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবেন।

### অপরাধে সহায়তা ও দণ্ড

১৬। কোনো ব্যক্তি এই অধ্যাদেশের অধীন কোনো অপরাধ সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা, ষড়যন্ত্র বা প্ররোচনা করিলে এবং উক্ত সহায়তা, ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হইলে, উক্ত সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাদানকারী তাহার সহায়তা, ষড়যন্ত্র বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য মূলধারার অপরাধের জন্য নির্দিষ্টকৃত দণ্ডে দণ্ডিত হইবেন।

### বিচার

১৭। (১) ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে।

(২) এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহ, [মোবাইল কোর্ট আইন, ২০০৯](https://laws.sayed.app/laws/act-1025.md "Act 1025") (২০০১ সনের ৫৯ নং আইন) এর তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার করা যাইবে।

### ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা

১৮। এই অধ্যাদেশের অধীন সংঘটিত কোনো অপরাধের তদন্ত, বিচার, তল্লাশি, জব্দ, গ্রেপ্তার এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমের ক্ষেত্রে, এই অধ্যাদেশে ভিন্নতর কোনো বিধান না থাকিলে, এই অধ্যাদেশের বিধানাবলির সহিত অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে।

### সরল বিশ্বাসে কৃত কর্ম সংরক্ষণ

১৯। এই অধ্যাদেশের অধীন সরল বিশ্বাসে কৃত কোনো কাজের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য সরকার, উপযুক্ত কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যধারা দায়ের বা গ্রহণ করা যাইবে না।

### বিধি প্রণয়নের ক্ষমতা

২০। এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

### স্পষ্টীকরণ ও ব্যাখ্যা প্রদান

২১। এই অধ্যাদেশের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসামঞ্জস্যতা দেখা দিলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের বিধানাবলির সহিত সামঞ্জস্য রাখিয়া উক্ত অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা দূরীকরণার্থে প্রয়োজনীয় ব্যাখ্যা, আদেশ বা নির্দেশিকা জারি করিতে পারিবে।

### হেফাজত

২২। এই অধ্যাদেশ জারির পূর্বে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম গতিশীল করিবার লক্ষ্যে সরকার কর্তৃক জারিকৃত আদেশ, প্রজ্ঞাপন, নীতিমালা, নির্দেশিকা ও গাইডলাইন এবং উহাদের অধীনে সম্পাদিত বা চলমান কার্যক্রম এই অধ্যাদেশের আওতায় সম্পাদিত হইয়াছে বা চলমান রহিয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

> [!NOTE]
>
> Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1743.html) to see the original act on the Bangladesh Legal Database.


This documentation is built and hosted on [Mintlify](https://mintlify.com), a developer documentation platform.