> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২

> খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে প্রণীত আইন৷

**Status:** Repealed

**Date of Publication:** ১ নভেম্বর, ১৯৯২

**Act No:** ১৯৯২ সনের ৩৯ নং আইন

যেহেতু খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনামা

১৷ এই আইন [খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২](/laws/act-771 "Act 771") নামে অভিহিত হইবে৷

### সংজ্ঞা

২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স” অর্থ খনি ও খনিজ সম্পদ আবিস্কারের উদ্দেশ্যে কোন ভূমিতে খনিজ বা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা পরীক্ষা বা অনুসন্ধানের জন্য প্রদত্ত লাইসেন্স; (খ) “খনিজ সম্পদ” অর্থে এমন বস্তু যাহা সাধারণতঃ প্রাকৃতিকভাবে ভূত্বকের অংশ হিসাবে পাওয়া যায় বা ভূ-ত্বকের মধ্যস্থিত বা উপরিভাগস্থ পানিতে দ্রবনীয় বা নিলম্বিত থাকে, বা উক্তরূপ বস্তু হইতে নিষ্কাশন করা যায় এমন বস্তুকে বুঝাইবে, এবং- (অ) সিরামিক, রিেফ্রক্টরী ও শোষণক্ষম সম্বন্ধীয় জিনিস তৈরীতে ব্যবহৃত ক্লে; (আ) রাসায়নিক জিনিস ঘষামাজা ও ঢালাই করার বালুর জন্য ব্যবহৃত সিলিকাবালুসহ সিলিকা (silica); (ই) অক্ষত, খণ্ডিত ও স্লাব আকারে ব্যবহৃত বালু, নুড়ীপাথর বা শিলা; (ঈ) সকল প্রকার চুনাপাথর; (উ) পিটসহ সকল প্রকার কয়লা; (ঊ) কয়লা বা শেইল (shale) খনন, নিষ্কাশন বা উত্পাদন কাজের সহিত সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কয়লা খনন কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় মিথেন (methane) গ্যাস; (ঋ) কয়লা বা শেইল প্রাপ্তিস্থানে উক্ত পদার্থের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিষ্কাষিত বা উত্পাদিত খনিজ তৈল বা গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে, কিন্তু- (অ) জীবিত কোন বস্তু; (আ) সামুদ্রিক পানি হইতে নিষ্কাষিত লবন, বা (ই) পানি; (ঈ) দি পেট্রোলিয়াম এ্যাক্ট ১৯৭৪-এর আওতাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস; ইহার অন্তর্ভুক্ত হইবে না; (গ) “খনি” অর্থ খনিজ সম্পদ অনুসন্ধান ও অর্জনের উদ্দেশ্যে খনন কাজ; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “ভূমি” অর্থে- (অ) নদী, খাল, জলপ্রবাহ, জলপ্লাবিত এলাকার তলদেশ; (আ) বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমার অন্তর্বর্তী মহাসাগরের অন্তরস্থ কিংবা বাংলাদেশের মহীসোপানের উপরিস্থ মহাসাগরের অন্তঃস্থ সকল ভূমি; (ই) ভূমির অভ্যন্তরস্থ, উপরিস্থ ও উপরিভাগস্থ পানি; কে বুঝাইবে৷

### অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা, ইত্যাদি

৩৷ বিধির বিধান অনুসরণ ব্যতীত অন্য কোন পন্থায় অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স বা খনিজ ইজারা বা সুবিধা প্রদান করা যাইবে না৷

### বিধি প্রণয়নের ক্ষমতা

৪৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা বা সুবিধা প্রদান এবং খনিজ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) অনুসন্ধান বা অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের পদ্ধতি ও তজ্জন্য আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ ও আবেদন ফিস; (খ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স ও খনি ইজারা ও সুবিধা প্রদানের শর্ত; (গ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধা প্রদানজনিত ফরম উহাদের নবায়ন ফরম; (ঘ) অনুসন্ধান ও অন্বেষণ লাইসেন্স, খনি ইজারা ও সুবিধার আবেদন না-মঞ্জুর ও প্রদত্ত লাইসেন্স, ইজারা ও সুবিধা বাতিলের বিষয়; (ঙ) লাইসেন্স প্রাপক বা ইজারা ও সুবিধাগ্রহীতা কর্তৃক প্রদেয় কর, ভাড়া ও রয়্যালটি নির্ধারণ এবং উহা পরিশোধের শর্ত ও নিয়মাবলী; (চ) আকরিক পদার্থের বিশোধন; (ছ) খনিজ সম্পদের উত্পাদন, মজুদকরণ এবং বিতরণ নিয়ন্ত্রণ; (জ) ইঞ্জিন, মেশিন অথবা অন্য সাজসরঞ্জাম নিয়ন্ত্রণের মাধ্যমে খনিজ সম্পদের উন্নয়ন; (ঝ) খনিজ সম্পদের অপচয় রোধ; (ঞ) অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধকরণ এবং অবৈধভাবে উত্তোলিত খনিজ সম্পদ বাজেয়াপ্ত এবং উহাদের ব্যবস্থাপনা; (ট) উপরিউক্ত বিষয়ের জন্য প্রয়োজনীয় ও আনুষংগিক যে কোন বিষয়৷

### দণ্ড

৫৷ বিধি দ্বারা ধারা ৪ এর অধীন প্রণীত বিধিমালা লংঘনের দণ্ডের বিধান করা যাইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ লংঘনকারী ব্যক্তি অনধিক ৩ বত্সরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইতে পারেন৷

### অব্যাহতি প্রদানের ক্ষমতা

৬৷ সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা,- (ক) যে কোন খনিজ সম্পদ বা কোন শ্রেণীর খনিজ সম্পদকে বিধির সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে; (খ) প্রজ্ঞাপনে উল্লেখিত বিধির সংশোধন বা শর্ত সাপেক্ষে যে কোন খনিজ সম্পদ বা যে কোন শ্রেণীর খনিজ সম্পদের ক্ষেত্রে বিধি প্রয়োগের বিধান করিতে পারিবে৷

### রহিতকরণ ও হেফাজত

৭৷ (১) The Mines and Minerals (Regulation and Development) Act, 1967 (E. P. Act II of 1968) এতদ্‌দ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত আইনের অধীন- (ক) প্রণীত সকল বিধি এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে; (খ) প্রদত্ত সকল লাইসেন্স, ইজারা ও সুবিধা, এই আইনের প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন না হওয়া পর্যন্ত, কার্যকর থাকিবে৷

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-771.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
