সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন
১৷ (১) এই আইন বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট আইন, ২০০৪ নামে অভিহিত হইবে৷ (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে৷- এস, আর, ও নং ১৩৩-আইন/২০০৪, ১৭ মে, ২০০৪ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।
সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইন্সটিটিউট” অর্থ এই আইনের অধীন গঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “পেট্রোবাংলা” অর্থ The Bangladesh Oil, Gas and Mineral Corporation Ordinance, 1985 (Ord. XXI of 1985) এর অধীন গঠিত বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড” অর্থ ইন্সটিটিউটের গভর্নিং বোর্ড; (ছ) “মহাপরিচালক” অর্থ ইন্সটিটিউটের মহাপরিচালক; এবং (জ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷ইন্সটিটিউট প্রতিষ্ঠা
৩৷ (১) এই আইন কার্যকর হওয়ার পর, যথাশীঘ্র সম্ভব, এই আইনের বিধান অনুসারে “বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট” নামে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হইবে৷ (২) ইন্সটিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷ইন্সটিটিউটের কার্যালয়
৪৷ (১) ইন্সটিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে৷ (২) বোর্ডের অনুমোদন সাপেক্ষে দেশের যে কোন অঞ্চলে উহার শাখা বা ক্যাম্পাস স্থাপন করা যাইবে৷ইন্সটিটিউটের কার্যাবলী
৫৷ ইন্সটিটিউটের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) তৈল, গ্যাস ও খনিজ সম্পদ খাতের সকল পেশাজীবী ও কর্মকর্তাকে উচ্চতর প্রশিক্ষণ, উক্ত খাতের গবেষণা ও উন্নয়ন এবং শিক্ষা বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা ও ক্রমান্বয়ে এই সকল কর্মকাণ্ডের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের উপযোগী স্থাপনাদি উন্নয়ন ও সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট বিষয়ে উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ করা; (খ) গবেষণা এবং কন্সালটেন্সীর মাধ্যমে বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ তৈল, গ্যাস ও খনিজ খাতে নিয়োজিত সরকারী সংস্থাকে সহায়তা প্রদান করা; (গ) তৈল, গ্যাস ও খনিজ অনুসন্ধান কাজের সাথে সংশ্লিষ্ট সমীক্ষা, পরীক্ষা, উপাত্ত প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ইত্যাদি পরিচালনা এবং এতদ্সংক্রান্ত গবেষণা পরিচালনা করা; (ঘ) একই ধরণের কর্মকাণ্ডে নিয়োজিত বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সরকারী, বেসরকারী সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং ইন্সটিটিউটের কর্মকাণ্ডের ক্ষেত্রে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন ও স্বীকৃতি লাভের জন্য যৌথ কর্মসূচী গ্রহণ করা; (ঙ) আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে তৈল, গ্যাস ও খনিজ বিষয়ক একটি জাতীয় তথ্য ব্যাংক স্থাপন এবং ইন্সটিটিউটকে পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ সেক্টরের রেফারেন্স কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা; (চ) ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কোর্স ডিজাইন, কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করা; (ছ) জাতীয় তথ্য ব্যাংকে সংগৃহীত ও সংরক্ষিত বিভিন্ন উপাত্ত, প্রতিবেদন ও তথ্য প্রকাশ এবং বিক্রয় করা; (জ) ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত সার্ভিস ও পরিচালিত যাবতীয় কর্মকাণ্ডের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত ও অনুমোদিত হারে “ফি” গ্রহণ করা; (ঝ) ইন্সটিটিউটের প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার, ওয়ার্কশপ, ডরমিটরী ও অন্যান্য সুবিধাদি স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা; এবং (ঞ) প্রাতিষ্ঠানিক উত্কর্ষ সাধনে বিশ্বের অন্যত্র পরিচালিত অনুরূপ ইন্সটিটিউটের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করা৷ইন্সটিটিউটের পরিচালনা
৬৷ ইন্সটিটিউটের পরিচালনা ও উহার প্রশাসন একটি গভর্নিং বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইন্সটিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে গভর্নিং বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে৷গভর্নিং বোর্ড
৭৷ নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:-(ক) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব | চেয়ারম্যান | |
(খ) পেট্রোবাংলার চেয়ারম্যান | সদস্য | |
(গ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান | সদস্য | |
(ঘ) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক | সদস্য | |
(ঙ) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের একজন যুগ্ম-সচিব | সদস্য | |
(চ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব | সদস্য | |
(ছ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন অধ্যাপক | সদস্য | |
(জ) সরকার কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের একজন অধ্যাপক | সদস্য | |
(ঝ) বাংলাদেশ জিওলজিক্যাল সোসাইটি কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি | সদস্য | |
(ঞ) ইন্সটিটিউট এর মহাপরিচালক | সদস্য-সচিব৷ |
