Skip to main content
Status: Active Date of Publication: ১০ এপ্রিল, ২০২৬ Act No: ২০২৬ সনের ০২ নং আইন যেহেতু সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ আইন, ২০২৬ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে— (ক) “পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশন” অর্থ এইরূপ কোনো কর্পোরেশন বা প্রতিষ্ঠান যাহা সরকারের মালিকানাধীনে বা নিয়ন্ত্রণাধীনে পণ্য বা সেবা উৎপাদন করে, তবে, ব্যাংকিং, বিমা বা আর্থিক খাতে কাজ করে না; (খ) “স্ব-শাসিত সংস্থা” অর্থ আপাতত বলবৎ কোনো আইনের বিধান দ্বারা অথবা উহার অধীন প্রতিষ্ঠিত বা গঠিত এবং স্ব-শাসনে পরিচালিত, সরকারী কর্ম কমিশন ব্যতীত, কোনো কমিশন অথবা কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, ইন্সটিটিউশন বা সংবিধিবদ্ধ সংস্থা, যাহার স্বতন্ত্র আইনগত সত্তা রহিয়াছে; (গ) “সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ” অর্থ এইরূপ কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান যাহা সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং উক্ত আইনের অধীন ক্ষমতা ও দায়িত্ব পালন করে; এবং (ঘ) “স্বায়ত্তশাসিত সংস্থা” অর্থ আইন দ্বারা গঠিত বা প্রতিষ্ঠিত কোনো সংস্থা যাহা উক্ত আইনের অধীন পরিচালিত হয়।

আইনের প্রাধান্য

৩। আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের মর্যাদাসম্পন্ন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলি প্রাধান্য পাইবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা

৪। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের মর্যাদাসম্পন্ন দলিলে যাহা কিছুই থাকুক না কেন,— (ক) বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর; (খ) বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর; (গ) স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা “৩০ (ত্রিশ)” বা “অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর” উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা “৩২ (বত্রিশ) বৎসর” প্রতিস্থাপিত হইবে; (ঘ) প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালা বহাল থাকিবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।

অসুবিধা দূরীকরণ

৫। এই আইন কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে।

রহিতকরণ ও হেফাজত

৬। (১) সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ (২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ) এবং সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশ দুইটির অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Footnotes

Click here to see the original act on the Bangladesh Legal Database.